২০২৪ সালের মে মাসে বিলাসবহুল পোরশে গাড়ি দু'জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনীশ আওধিয়া ও অশ্বিনী কোশ্তাকে পিষে খুন করে। অভিযোগ ছিল, ১৭ বছরের এক কিশোর মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিল।

পুণে পোরশে মামলা
শেষ আপডেট: 2 February 2026 13:44
দ্য ওয়াল ব্যুরো: পুণের পোরশে কাণ্ডে (Pune Porsche crash) তিন অভিযুক্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গাড়ি দুর্ঘটনায় দুই তরুণ আইটি কর্মীর মৃত্যুতে রক্তের নমুনা বদলানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল- আদিত্য অবিনাশ সুদ, আশিস সতীশ, অমর সন্তোষ গায়কোয়ার
তাঁদের প্রত্যেকেই জামিন পেলেন। দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় জেলবন্দি থাকার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি বিভি নগরয়াথন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাঁরা জানান, 'মামলায় ১৫৯ জন এখনও সাক্ষ্য দিতে বাকি। এই পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া শেষ হতে আরও অনেক সময় লাগতে পারে। তাই তিন বছরেরও বেশি সময় ধরে জেলে থাকা অভিযুক্তদের আরও আটকে রাখার কোনও যুক্তি নেই।' আদালতের পর্যবেক্ষণ, “মামলার মূল অভিযুক্ত নাবালক হওয়ায় জুভেনাইল কোর্টে ট্রায়ালের মুখোমুখি হচ্ছে। তাই এই তিন অভিযুক্ত অনির্দিষ্টকাল জেলে থাকবে এটা উচিত নয়।"
পোরশে কাণ্ড
২০২৪ সালের মে মাসে বিলাসবহুল পোরশে গাড়ি দু'জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনীশ আওধিয়া ও অশ্বিনী কোশ্তাকে পিষে খুন করে। অভিযোগ ছিল, ১৭ বছরের এক কিশোর মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিল। এই ঘটনা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। কারণ, অভিযুক্ত নাবালক হওয়ায় অল্প সময়ের মধ্যেই জুভেনাইল জাস্টিস বোর্ড তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয়। শর্তগুলি ছিল, গাড়ি দুর্ঘটনা নিয়ে ৩০০ শব্দের রচনা লেখা, কাউন্সেলিং ও রিহ্যাবের যাওয়া। এতে মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়।
রক্তের নমুনা বদলের অভিযোগ
দুর্ঘটনার তদন্তে উঠে আসে যে প্রকৃত দোষীর বদলে অন্য তিনজনের রক্তের নমুনা ল্যাব টেস্টে পাঠানো হয়েছিল। অভিযোগ, নাবালক অভিযুক্তের মদ্যপানের প্রমাণ আড়াল করতেই এই কাজ করা হয়। গত বছরের ১৯ অগস্ট রক্তের নমুনা বদলের অভিযোগে ফরেন্সিক ল্যাবের দুই কর্মীকে গ্রেফতার করা হয় । পরবর্তীতে এদের জামিন খারিজ করে বোম্বে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট জানায়, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আরও বহু সময় লাগতে পারে। এই অবস্থায়, দোষ প্রমাণ না হওয়া সত্ত্বেও বছরের পর বছর জেলবন্দি থাকা ন্যায়সঙ্গত নয়। তাই শর্তসাপেক্ষে তিন অভিযুক্তকেই জামিন দেওয়া হয়েছে।