
সুনীতা কেজরিওয়াল এবং অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 21 June 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: জামিন পেয়েও জেলমুক্তি ঘটছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কারণ ইডি তাঁর জামিনের বিরোধিতা করে নির্দেশকে চ্যালেঞ্জ করেছে। আদৌ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাবেন কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই ইস্যুতে মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। সরাসরি ইডিকে নিশানা করেছেন তিনি।
বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে ১ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার দুপুরের মধ্যেই তাঁর জেল থেকে বেরিয়ে আসার কথা ছিল। তবে ইডি ওই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এবং জামিনের বন্ডে স্বাক্ষরের জন্য ৪৮ ঘণ্টা সময় দাবি করে। এতেই আটকে গেছে কেজরির মুক্তি।
গোটা বিষয়ে ইডিকে কাঠগড়ায় তুলে সুনীতা কেজরিওয়ালের অভিযোগ, আদালতের ওয়েবসাইটে তাঁর স্বামীর জামিনের অর্ডার ওঠার আগেই ইডি তাঁর জামিনের বিরোধিতা করে রায়কে চ্যালেঞ্জ করেছে। তাঁরা এমন আচরণ করছে যেন অরবিন্দ কেজরিওয়াল একজন জঙ্গি! একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, একনায়কতন্ত্র সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে দেশে।
লোকসভা ভোটের ঠিক আগে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তবে মে মাসে ভোটের মধ্যেই জামিন পান কেজরিওয়াল। কিন্তু সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হয়। মাঝে ইডি এও দাবি করেছিল যে, অরবিন্দ কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ চেয়েছেন তার প্রমাণ তাঁদের হাতে আছে। সিবিআই তদন্তেই সেই তথ্য উঠে এসেছে। এরপরও জামিনের আর্জি মঞ্জুর হয়েছিল কেজরিওয়ালের।