
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 September 2024 16:34
দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশের বিশেষ আদালত এক হস্টেল ওয়ার্ডেনের ফাঁসির সাজা ঘোষণা করল বৃহস্পতিবার। সরকার পরিচালিত একটি আবাসিক স্কুলের ২১ জন পড়ুয়াকে ২০১৪-২০২২ পর্যন্ত যৌন নির্যাতনের অপরাধে হস্টেল ওয়ার্ডেনকে দোষী সাব্যস্ত করে আদালত। পুলিশের বিশেষ তদন্তকারী দল চার্জশিটে বলেছে, ওই ওয়ার্ডেন ৬ নাবালক সহ ৬ থেকে ১৪ বছরের শিশুদের যৌন নির্যাতন করেছিলেন।
বিশেষ বিচারক জায়েপ্লু চাই ওয়ার্ডেন য়ুমকেন বাগরাকে ফাঁসির শাস্তি দেওয়ার পাশাপাশি প্রধানশিক্ষক সিংতুং য়োরপেন এবং হিন্দি শিক্ষক মারবম এনগোমদিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। দুটি শাস্তিই প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে দেওয়া হয়েছে। ২০২২ সালের নভেম্বরে একজনের অভিভাবক থানায় অভিযোগ দায়ের করেন।
প্রধান শিক্ষকের অপরাধ তিনি সবকিছু জেনেও অর্থাৎ পড়ুয়ারা অভিযোগ করা সত্ত্বেও স্কুলের মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। পকসোর বিশেষ আদালতে শিশুদের তরফের আইনজীবী ওয়াম বিঙ্গেপ জানান, আমরা আদালতের শাস্তিতে খুশি। আমরা আদালতের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তির আর্জি জানিয়েছিলাম।
আইনজীবীর দাবি, দেশে পকসো আইনে এই প্রথম কোনও অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হল, যেখানে যৌন নিপীড়নে নির্যাতিতার মৃত্যু না হওয়া সত্ত্বেও ফাঁসির হুকুম দেওয়া হল। তবে এই মামলায় আরও দুই অভিযুক্ত যাঁদের মধ্যে স্কুলের একজন শিক্ষক এবং অন্যজন হস্টেল ওয়ার্ডেনের শাগরেদকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত।