কদিন আগে আবার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি। অন্যদিকে, জম্মুর আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে পাকড়াও করে বিএসএফ।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 September 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) উধমপুরে সেনা অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন এক জওয়ান (Indian Army Jawan)। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে। আহত সেনা জওয়ানকে দ্রুত জেলার কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনার আশঙ্কা, সেওজ ধার এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি (Three Terrorists) লুকিয়ে রয়েছে। তাদের পাকড়াও বা এনকাউন্টার করারই পরিকল্পনা করেছে সেনা।
শুক্রবার গভীর রাতে হোয়াইট নাইট কর্পস (White Night Corps) জানায়, দোদা-উধমপুর সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়েছে। এর আগেই, শুক্রবার রাত আটটা নাগাদ কিস্তওয়ারে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল সেনা ও পুলিশ। সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। রাত সাড়ে দশটায় কর্পসের পক্ষ থেকে জানানো হয় এই অভিযানের কথা।
অন্যদিকে, পুঞ্চ সেক্টর (Poonch Sector) থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। তার মধ্যে রয়েছে চিনা হ্যান্ড গ্রেনেড, কার্তুজ, ম্যাগাজিন। সেনার সন্দেহ, বড় কোনও হামলার ছক করেই এই অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। তবে কারা বা কতজন এই হামলার পরিকল্পনায় রয়েছে তা এখনও জানা যায়নি। তবে কার্যত জম্মু-কাশ্মীরজুড়ে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা।
উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ কুলগামে (Kulgham) সেনা অভিযানে গুলিবিদ্ধ হয়েছিলেন দু’জন জওয়ান। তবে বিগত কয়েক মাসে বড় রকমের সাফল্যও পেয়েছে বাহিনী। অগস্ট মাসেই উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় দুই লস্কর জঙ্গিকে খতম করা হয়। একই সঙ্গে, তল্লাশি অভিযানে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করেছিল সেনা।
মাত্র কদিন আগে আবার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি। অন্যদিকে, জম্মুর আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে পাকড়াও করে বিএসএফ। অক্ট্রই আউটপোস্টে অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করেন জওয়ানরা। তাকে চ্যালেঞ্জ করা হলে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পরে সীমান্ত বেড়ার কাছে ধরা পড়ে সে।
ধৃতের নাম সিরাজ খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলার বাসিন্দা। তার কাছ থেকে পাকিস্তানি মুদ্রা উদ্ধার হয়েছে।