
সোনমার্গে তুষারধস
শেষ আপডেট: 29 March 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে প্রবল তুষারধসে রাস্তা বন্ধ হয়ে গিয়ে আটকে রয়েছেন কয়েকশো পর্যটক। শুক্রবার দুপুরে বিরাট তুষারধস হয় গান্ডেরবাল জেলার সোনমার্গে। এর ফলে শ্রীনগর-লেহ হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও পর্যটকের মৃত্যুর খবর মেলেনি।
হাং এলাকায় তুষারধসের নীচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে যায়। খবর পেয়েই পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। সরকারি সূত্র জানিয়েছে, দুটি পর্যটক বোঝাই গাড়ির উপর বরফের চাঁই সরাসরি এসে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী কাজে নেমে পড়ায় তাঁদের নিরাপদে বের করে আনা গিয়েছে।
বরফের নীচে আর কোনও গাড়ি কিংবা ব্যক্তি চাপা পড়ে আছেন কিনা তার খোঁজ চলছে। এদিন সকালেই বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ মাঝারি ধরনের তুষারধসের পূর্বাভাস দিয়েছিল। কাশ্মীরের কুপওয়ারা, বান্দিপোরা, বারামুল্লা ও গান্ডেরবালে তুষারধস হতে পারে বলে জেলা প্রশাসনকে সতর্ক করেছিল।