
নন্দন কানন এক্সপ্রেস।
শেষ আপডেট: 5 November 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে চলল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রকের চারাম্পা স্টেশনের কাছে।
রেল সূত্রের খবর, গুলি চলেছে পুরী গামী নন্দন কানন এক্সপ্রেসে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
চলন্ত ট্রেনে গুলি চলার সত্যতা স্বীকার করে নিয়ে এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৯.২৫ মিনিটে পুরী গামী নন্দন কানন এক্সপ্রেস ভদ্রক স্টেশন ছাড়ার পর গুলি চলার ঘটনাটি ঘটে।
ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ভদ্রকের চারাম্পা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পুরী গামী নন্দন কানন এক্সপ্রেস।
#WATCH | Odisha | Shots were fired at Puri-Anand Vihar Nandankanan Express train near Bhadrak this morning; Police investigation underway pic.twitter.com/6JN5ZSfK6A
— ANI (@ANI) November 5, 2024
ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনের একটি কোচের কাচের জানলায় গুলির দাগ। ট্রেনের ভেতর থেকে কয়েক জন যাত্রীকে উঁকি দিতেও দেখা যায়। তাদের চোখে, মুখে আতঙ্কের ছবি স্পষ্ট।
জানা যাচ্ছে, ট্রেন লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুলি চালায়। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ। একই সঙ্গে যাত্রীদের বাড়তি সুরক্ষা দিতে চারাম্পা স্টেশন থেকে বাড়তি পাহারয় ট্রেনটিকে পুরী পর্যন্ত নিয়ে যান রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সদস্যরা।