২০২৪ সালের ২ অক্টোবর শুরু হওয়া আট মাসের এই অভিযানে তাঁরা কোনও রকম বাইরের সাহায্য ছাড়াই শুধুমাত্র বাতাসের শক্তিকে ভরসা করে পাড়ি দেন প্রায় ২১,৬০০ নটিক্যাল মাইল, অর্থাৎ প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ।

দুই মহিলা নৌ-অফিসার
শেষ আপডেট: 27 January 2026 14:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করে শৌর্যচক্রে সম্মানিত হলেন দুই মহিলা নৌ-অফিসার। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Daupadi Murmu) হাত থেকে শৌর্যচক্র (Shaurya Chakra) গ্যালান্ট্রি পুরস্কার পান লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে (Lieutenant Commanders Dilna K) ও লেফটেন্যান্ট কমান্ডার রূপা আলাগিরিসামি (Roopa Alagirisamy)। তাঁদের এই সম্মান মিলেছে নৌবাহিনীর (Navy) ঐতিহাসিক অভিযান ‘নাভিকা সাগর পরিক্রমা–২’-এ (Navika Sagar Parikrama II) অসাধারণ সাহসিকতা ও দক্ষতার জন্য।
কেরলের (Kerala) কোঝিকোড়ের বাসিন্দা দিলনা কে এবং পুদুচেরির মেয়ে রূপা আলাগিরিসামি এই বিশ্বপরিক্রমা অভিযানের প্রধান মুখ। ২০২৪ সালের ২ অক্টোবর শুরু হওয়া আট মাসের এই অভিযানে তাঁরা কোনও রকম বাইরের সাহায্য ছাড়াই শুধুমাত্র বাতাসের শক্তিকে ভরসা করে পাড়ি দেন প্রায় ২১,৬০০ নটিক্যাল মাইল, অর্থাৎ প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তাঁদের কেউই পেশাগতভাবে নাবিক পরিবারের সন্তান নন।
গত ২৯ মে গোয়ার উপকূলে তাঁদের জাহাজ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেন দিলনা ও রূপা। তাঁরা ভারতের প্রথম নাবিক জুটি, যাঁরা ‘ডাবল-হ্যান্ডেড মোডে’ অর্থাৎ মাত্র দু’জন নাবিক নিয়ে পৃথিবী প্রদক্ষিণ সম্পূর্ণ করেন। এই ঐতিহাসিক অভিযানের ঝলক এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনীর ট্যাবলোতেও তুলে ধরা হয়। পাশাপাশি, কার্তব্যপথে নৌবাহিনীর কুচকাওয়াজে অংশ নেন এই দুই অফিসার।
লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন লজিস্টিক্স অফিসার হিসেবে। জাতীয় স্তরের খ্যাতনামা শ্যুটার দিলনা একাধিক পদক জিতেছেন এবং কেরল রাজ্য ক্রিকেট দলেও প্রতিনিধিত্ব করেছেন। তাঁর বাবা প্রয়াত দেবদাসন ছিলেন সেনা অফিসার। অন্যদিকে, ২০১৭ সালে নৌবাহিনীর আর্মামেন্ট ইনস্পেকশন ক্যাডারে যোগ দেন রূপা আলাগিরিসামি। এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক রূপা এর আগে বেঙ্গালুরুর ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজে কাজ করেছেন। তাঁর বাবা আলাগিরিসামি জি পি ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার।
উল্লেখ্য, ২০২৩ সালে এই দুই অফিসারই ইয়াচিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার দেওয়া অ্যাডমিরাল রামদাস ট্রফি অর্জন করেন। এ বছর সাধারণতন্ত্র দিবসে মোট ৭০ জন সশস্ত্র বাহিনীর সদস্যের গ্যালান্ট্রি পুরস্কার অনুমোদন করেন রাষ্ট্রপতি, যার মধ্যে ছিল একটি অশোক চক্র, তিনটি কীর্তি চক্র ও ১৩টি শৌর্যচক্র। দিলনা ও রূপার এই কৃতিত্ব শুধু নৌবাহিনী নয়, গোটা দেশের জন্যই গর্বের।