
শশী তারুর ও মৃতা আন্না সেবাস্তিয়ান পেরায়িল
শেষ আপডেট: 21 September 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: কর্মক্ষেত্রে কাজের চাপ কমানো এবং সব কর্মক্ষেত্রে কাজের নির্দিষ্ট সময় স্থির করার বিষয়ে সংসদের শীত অধিবেশনে আইন আনার প্রস্তাব আনতে চলেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। শনিবার তারুর বলেছেন, সংসদের পরবর্তী অধিবেশনেই তিনি সব জায়গায় অভিন্ন ক্যালেন্ডার অর্থাৎ কাজের সময় নির্দিষ্ট করার বিল আনতে সরকারকে প্রস্তাব দেবেন। এদিন বহুজাতিক অডিট সংস্থা ইওয়াই-এর তরুণী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আন্না সেবাস্তিয়ান পেরায়িলের কাজের চাপে মৃত্যুর অভিযোগ নিয়ে মৃতার বাবার সঙ্গে কথা বলেন তারুর। তারপরেই সোশ্যাল মিডিয়ায় সংসদে দাবি তোলার কথা জানান কেরলের তিরুবনন্তপুরমের এমপি।
এদিন আন্নার বাবার সঙ্গে 'হৃদয়বিদারক' আলোচনার পর তারুর পোস্টে লিখেছেন, সংসদের পরবর্তী অধিবেশনেই তিনি কর্মক্ষেত্রে 'অমানবিক' চাপের বিষয়ে আইন আনার প্রস্তাব পেশ করবেন। তারুরের কথায়, আন্নার বাবা সিবি জোসেফ তাঁকে অনুরোধ জানিয়েছেন, তিনি যেন সংসদে কাজের জায়গায় কর্মসময়ের নির্দিষ্ট ক্যালেন্ডার বা সময়সারণি তৈরির আইন প্রণয়নের কথা উত্থাপন করেন।
তারুর লিখেছেন, উনি প্রস্তাব দিয়েছেন আর আমি রাজি হয়েছি। সরকারি হোক বা বেসরকারি, সব অফিসে ও কাজের ক্ষেত্রে সময় ঠিক করে দিক সরকার। এবং তা যেন সপ্তাহে ৫ দিন এবং দিনে ৮ ঘণ্টার বেশি না হয়।
তারুর আরও বলেছেন, কর্মক্ষেত্রে যেন কোনওভাবেই মানবাধিকার লঙ্ঘন না হয়। কাজের জায়গায় অমানবিকতাকে অপরাধ বলে গণ্য করে কঠিন শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা উচিত। সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম সুযোগেই আমি বিষয়টি উত্থাপন করব।
উল্লেখ্য, আন্নার মৃত্যুর ঘটনা সামনে আসতেই নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন পড়ে যায়। যার ফলে কেন্দ্রীয় সরকার স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে বলেন, অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।