
রাইসিনা ডায়ালগ অনুষ্ঠানে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে কংগ্রেস সাংসদ শশী তারুর।
শেষ আপডেট: 19 March 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সাংসদ শশী তারুরের মুখে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শুনে বুধবার উদ্বাহু হয়ে নৃত্য শুরু করে দিয়েছে বিজেপি। যথারীতি কংগ্রেসকে টিকাটিপ্পনি কেটে মূলত রাহুল গান্ধীকেই চাঁদমারি করেছে পদ্ম শিবির। কেরলের তিরুবনন্তপুরমের লোকসভা সদস্য শশী তারুর 'রাইসিনা ডায়ালগ' নামে একটি বিদগ্ধ আলোচনাসভায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতের নিরপেক্ষ থাকার মোদীর সিদ্ধান্তকে প্রশংসা করেন।
তিনি বলেন, যুদ্ধ শুরুর সময় আমিই ইউক্রেনের উপর রাশিয়ার হানাদারি নিয়ে ভারতের নিরপেক্ষ ভূমিকার সমালোচনা করেছিলাম লোকসভায়। তারপর থেকে আন্তর্জাতিক গতিপ্রকৃতি দেখে নিজেই লজ্জিত বোধ করি সেদিনের আচরণের জন্য। সেদিন বিরোধিতার জন্য নিজেকেই ঢোঁক গিলে নিতে হচ্ছে।
তারুরের এই মন্তব্যের পরেই আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। তারা বলেছে দলীয় নেতার এই কথায় নিশ্চই লজ্জায় রাহুল গান্ধীর মুখ রাঙা হয়ে উঠছে। বিজেপি নেতাদের কথায়, এটা দেখে ভাল লাগছে যে, কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রী মোদীর বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিচ্ছেন। স্বীকার করে নিচ্ছেন। কেন্দ্রের বিদেশনীতিকে প্রশংসা করার জন্য শশী তারুরের বিরুদ্ধে তাঁর দল কোনও ব্যবস্থা নেবে না বলেও আশাপ্রকাশ করেছেন বিজেপি নেতারা।
এদিন প্রথম তোপটি দাগেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর দেশ ও আন্তর্জাতিক সম্পর্কের দূরদৃষ্টি বিরোধী দলের নেতারাও প্রশংসা করছেন, স্বীকার করছেন। রাহুল গান্ধী, চিদম্বরমের মতো কংগ্রেস নেতা ও রঘুরাম রাজনের মতো লোকেরাও এখন তাঁদের কথা নিজেরাই গিলে নিচ্ছেন। অর্থনীতি, ইউপিআই, উৎপাদন শিল্প এবং আরও বহু কিছুতে দেশের অবস্থান নিয়ে তাঁরা অতীতের মন্তব্য নিয়ে নিজেরাই লজ্জিত।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, তারুরের একের পর এক মন্তব্যের পর একটা বিষয় পরিষ্কার যে, কংগ্রেসের ভিতরে বিদ্রোহের ছুরির ফলা বেরিয়ে আসতে শুরু করেছে। যা দেখে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ লাল হয়ে যেতে পারে। কংগ্রেস এবার হয়তো দলীয়ভাবে জানাবে শশী তারুর যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। দলের অবস্থান নয়। যদিও সংসদে এই বিষয়ক আলোচনায় তারুরকেই দল দায়িত্ব দিয়েছিল।