.jpeg)
মহারাষ্ট্রের হিঙ্গলে নির্বাচনী প্রচারে যাওয়া অমিত শাহের কপ্টার ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকেরা
শেষ আপডেট: 15 November 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের পর সেই রাজ্যে নির্বাচনী প্রচারে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করল নির্বাচন কমিশনের আধিকারিকেরা। শুক্রবার শাহ নিজেই এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানিয়েছেন, মহারাষ্ট্রের হিঙ্গলে তাঁর ব্যাগ ও কপ্টারে তল্লাশি চালানো হয়েছে। তারপরই জল্পনা শুরু হয়েছে এরপর কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার এবং ব্যাগেও তল্লাশি চালাবে কমিশন।
মহারাষ্ট্রে বিধানসভা ভোটে টাকার খেলা বন্ধ করতে নির্বাচন কমিশন প্রার্থী ও নেতাদের দিকে সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে। গত মঙ্গলবার শিবসেনা (ইউটিবি)-র নেতা উদ্ধব ঠাকরের ব্যাগ তল্লাশি করার পর তিনি জোরালো প্রশ্ন তুলেছিলেন কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কপ্টারেও তল্লাশি চালানো হবে না। উদ্ধবের আগের দিন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে নাগপুরে সভা করতে গিয়েছিলেন। তাঁর কপ্টার থেকে তিনটি ব্যাগ নামানো হয়। নির্বাচন কমিশনের লোকেরা জানতে চান ব্যাগে কী আছে। মুখ্যমন্ত্রীর রক্ষীরা বলেন, জামা-কাপড়। উদ্ধব অভিযোগ করেন, প্রশাসনের লোকেরা মুখের কথাই মেনে নেন। ব্যাগ তল্লাশি করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, একবেলার জন্য প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী কতবার পোশাক বদল করেন যে তিনটে ব্যাগ সঙ্গে নিতে হয়েছিল।
উদ্ধবের অভিযোগের জবাবে কমিশন জানায়, উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশের কপ্টারেও তল্লাশি চালানো হয়েছে। বাদ যাননি আর এক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। উদ্ধব প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীরাই বা বাদ যাবেন কেন? কমিশনের সকলকে এক দৃষ্টিতে দেখা উচিত।
পরদিনই মুখ্যমন্ত্রী শিণ্ডের কপ্টারে তল্লাশি চালায় কমিশন। আর শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাদ গেলেন না। স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন কি এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার এবং ব্যাগপত্রেও তল্লাশি চালাবে।