দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 December 2025 07:31
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের (Christmas) ভোরে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে (Karnataka)। ৪৮ নম্বর জাতীয় সড়কে (National Highway 48) যাত্রীবোঝাই বাস এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষে (Bus-TruckCollition) মৃত্যু হয়েছে একাধিক যাত্রীর। পুলিশ সূত্রে খবর, অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন (Death)। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে।
কর্নাটকের চিত্রদুর্গ জেলায় বৃহস্পতিবার ভোররাতে ঘটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা (Road Accident)। বেঙ্গালুরু (Bengaluru) থেকে গোকার্নাগামী (Gokarna) একটি বেসরকারি স্লিপার কোচ বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায় বাসটিতে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হিরিয়ুর দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি লরি (Truck) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেখানেই সেটি সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের মুহূর্তেই বাসে আগুন (Catches Fire) ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।