ফাইল ছবি
শেষ আপডেট: 18 March 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ছবি 'গদর' দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। সে কারণেই ২০২৩ সালে চার সন্তানকে নিয়ে পাকিস্তান (Pakistan) থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে গ্রেফতারও হয়েছিলেন। কিন্তু ভালবাসার কাছে সব বাধাই যে তুচ্ছ তা ফের প্রমাণ করলেন সীমা হায়দার (Seema Haider) ও শচিন মীনা (Sachin Meena)। মঙ্গলবার একটি ফুটফুটে কন্যা সন্তানের (Baby Girl) জন্ম দিয়েছেন তাঁরা। নাম রাখা হয়েছে লক্ষ্মী (Laxmi)।
সীমা ও শচিনের প্রেম শুরু হয়েছিল আনলাইন পাবজি গেম খেলার সময়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তেই নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসেন পাক তরুণী। দুবাই ও নেপাল হয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে সীমাকে আশ্রয় দেওয়ার অভিযোগে শচিন মীনাকেও গ্রেফতার করেছিল পুলিশ।
যদিও তিনদিন পর, ৭ জুলাই স্থানীয় আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। পরে গৌতম বুদ্ধ নগরে হিন্দু রীতি মেনে দু'জনে বিয়ে করেন এবং পাকাপাকিভাবে উত্তরপ্রদেশের রাবুপুরায় বসবাস শুরু করেন।
মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন সীমা। এই সন্তান তাঁদের ভালবাসার চিহ্ন বলে জানিয়েছেন শচিন। মেয়ের নাম রাখা হয়েছে লক্ষ্মী। বর্তমানে মা ও মেয়ে দু'জনেই সুস্থ তবে শারীরিকভাবে ক্লান্ত থাকার কারণে বেশ কয়েকদিন তাঁদের হাসপাতালেই থাকতে হবে।
সুখবর পাওয়া গিয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে খুশির খবর ভাগ করে নিয়েছিলেন সীমা ও শচিন। সেই ভিডিওতেই সীমা জানিয়েছিলেন যে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। শীঘ্রই তাঁদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে।