
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 April 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি এখন যেন রোজের ঘটনা। অনলাইনে প্রতারণা (Online Money Fraud), টাকা আত্মসাৎ করে নেওয়ার ঘটনা আকছার শোনা যায়। ঠিক এমনই আরও একটি ঘটনা সামনে এল। তবে এবার তার শেষটা একটু অন্যরকম। তরুণীর উপস্থিত বুদ্ধির জেরে বেঁচে গেল কয়েক হাজার টাকা। হাতেনাতে ধরা পড়েও তরুণীর প্রশংসায় পঞ্চমুখ প্রতারক। বললেন, ‘বেটা, তোমার কথা মেনে নিলাম।’
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তরুণী নিজেই সেই ভিডিও রেকর্ড করেছেন। যেখানে দেখা যায়, প্রতারক ব্যক্তি ফোন করে নিজেকে তাঁর বাবার বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছে। সে একটি ভুয়ো গল্প ফেঁদে জানায় ওই তরুণীর বাবা তার ইউপিআই অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে বলেছেন (Online Money Fraud)। ওই ব্যক্তি আরও জানায় সে ১২ হাজার টাকা পাঠাচ্ছে। কিছু সময়ের মধ্যেই সে ১০ হাজার টাকা পাঠিয়েছে বলেও দাবি করে।
অন্যদিকে, তরুণীর ফোনেও একটি মেসেজ যায়। এখানেই ধরা পড়ে যায় জালিয়াতি। আদতে মেসেজটি কোনও ব্যাঙ্ক থেকে নয়, একটি ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে পাঠানো হয়। ২ হাজার টাকা পাঠাতে গিয়ে ভুল করে ২০ হাজার টাকা চলে গিয়েছে, এমনটাই দাবি করে অভিযুক্ত এবং প্রতারণার পরিকল্পনা নিয়েই ১৮ হাজার টাকা ফেরত চায়।
কিন্তু তরুণী তাঁর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এই প্রতারণার হাত থেকে রক্ষা পান। অভিযুক্তর পাঠানো মেসেজেই কারসাজি করে তরুণী দাবি করেন, তিনি ১৮ হাজার টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন। সেই মুহূর্তেই প্রতারক বুঝতে পারে, সে পাল্টা ফেঁসে গিয়েছে।
ভাইরাল ভিডিওতে (Viral Video) তাকে বলতে শোনা যায়, 'তোমার কথা মেনে নিলাম' এবং সঙ্গে সঙ্গে ফোনও কেটে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।