
সুপ্রিম কোর্ট ও পরিযায়ী শ্রমিক
শেষ আপডেট: 5 October 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়া নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর দায়সারা হাবভাবের জন্য রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। আর সেই কারণেই কড়া ভর্ৎসনার মুখে পড়েছে প্রশাসন।
নির্দেশিকায় শুক্রবার শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার তথা প্রশাসনকে আগামী ৬ সপ্তাহের মধ্যে স্থানীয় পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতেই হবে। আর এই দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট সচিব এবং গণবন্টন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিকদের। আর যদি তা না করা হয়, সেই সব আধিকারিকদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে হবে।
এর আগে একাধিকবার এই বন্টনের জন্য সময় বেঁধে দিয়েছিল আদালত। তাতে বলা হয়েছিল ই-শ্রম পোর্টালে যে শ্রমিকদের নাম আছে, দ্রুত যেন তাঁদের রেশন কার্ড দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার বা প্রশাসন সেই কাজ তো করেইনি, বরং যুক্তি দিয়েছে এখনও নাকি আবেদনকারীদের পরিচয় যাচাইয়ের কাজ শেষ হয়নি। এদিকে যাঁদের যাঁদের যাচাইপর্ব হয়ে গেছে তাঁরাও এখনও হাতে রেশন কার্ড পাননি।
আর এসব নজরে আসতেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। শুক্রবার বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহের বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই আদালত বলে, রেশন কার্ড ইস্যু করতে কত সময় লাগে? শেষবারের মতো আপনাদের সুযোগ দিচ্ছি। এই কাজ দ্রুত শেষ করুন। তা না হলে সচিবদের ব্যক্তিগতভাবে এসে আদালতে হাজিরা দিতে হবে।’
আদালতের পর্যবেক্ষণ, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আমাদের লক্ষ্য গরিব মানুষের হাতে রেশন তুলে দেওয়া। আর এই বিষয়ে কোনও রকম অবহেলা বরদাস্ত করব না।’
আদালত আরও বলেছে, ‘ইতিমধ্যেই যে সব রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পরিচয় যাচাইয়ের কাজ শেষ হয়েছে, অথচ এখনও কার্ড দেওয়া হয়নি সেই সব প্রশাসনের সংশ্লিষ্ট সচিবের উপস্থিতিতে আদালতে হলফনামা পেশ করতে হবে। জানাতে হবে কেন তাঁরা ব্যর্থ হল।’
অন্যদিকে, এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারগুলোকে কাঠগড়ায় তুলে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেছেন, ‘কেন্দ্রকে যেভাবে দোষারোপ করা হচ্ছে সেটা ঠিক না। কোথাও কোনও অসঙ্গতি ধরা পড়লে রাজ্যই যদি কেন্দ্রের সাহায্য চায় তাহলে কেন্দ্র সেই সাহায্য করবে।’
এরপরই আদালত কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘গরিব মানুষ রেশন পাচ্ছে না। বিষয়টা কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি আপনাদের কাছে এটা কোনও ব্যাপাই নয়?’
শীর্ষ আদালত স্পষ্ট এর পর নির্দেশ দেয়, যাঁরা রেশন কার্ড পাবেন তাঁরা যেন বরাদ্দ রেশন পান। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় আগামী শুনানি অর্থাৎ ১৯ তারিখের মধ্যে যেন কাজ দ্রুত শেষ করা হয়।