বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনী নিয়ে ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বলল, তারা রাজনৈতিক দলগুলির দ্বন্দ্বের মাঝে পড়ে গিয়েছে।

কমিশন জবাবে জানায়, সেই সমস্ত নাম ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।
শেষ আপডেট: 14 August 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনী নিয়ে ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বলল, তারা রাজনৈতিক দলগুলির দ্বন্দ্বের মাঝে পড়ে গিয়েছে। কমিশনের মতে, যদি কোনও রাজনৈতিক দল জিতে যায়, তাহলে তাদের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVMs) ভাল। কিন্তু, কেউ হেরে গেলে এই ইভিএমই হঠাৎ করে খারাপ হয়ে যায়।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর এজলাসে বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে মামলার শুনানি ছিল। সেখানেই কমিশনের তরফে এই যুক্তি খাড়া করা হয়। শুনানিতে কমিশন জানায়, আমরা রাজনৈতিক দলগুলির লড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছি। তারা যদি জেতে, তাহলে ইভিএম ভাল। আর হেরে গেলেই ইভিএম খারাপ হয়ে যায়।
শীর্ষ আদালত তখন কমিশনকে বলে, যে ভোটাররা মৃত, রাজ্য ছেড়ে চলে গিয়েছেন কিংবা অন্য বিধানসভা ক্ষেত্রের বাসিন্দা হয়েছেন, তাঁদের নাম কেন আপনারা প্রকাশ করছেন না? কমিশন জবাবে জানায়, সেই সমস্ত নাম ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আদালত বলে, আপনারা কেন সেই নামগুলি একটি ডিসপ্লে বোর্ডে কিংবা ওয়েবসাইটে প্রকাশ করছেন না? যাঁরা তাতে অখুশি হবেন, তাঁরা ৩০ দিনের প্রতিকার চেয়ে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, এপিক নম্বর দিয়ে জেলা নির্বাচনী অফিসারের কার্যালয়ে বুথভিত্তিক তালিকা টাঙিয়ে দিতে হবে। এমনকী আদালত এও বলে যে, তারা চায় না, নাগরিকরা রাজনৈতিক দলগুলির উপর নির্ভর করে থাকুক।
সর্বোচ্চ আদালত বাতিল হওয়া নামের তালিকা প্রকাশের কথা বললে সর্বোচ্চ ভোট নিয়ন্ত্রক সংস্থা শেষমেশ তাতে রাজি হয়েছে। আদালত কমিশনকে বলেছে, জনবিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইটে যেন ছাঁটাই করা নাম তুলে দেওয়া হয়।