
বিচারপতি সূর্য কান্ত সমালোচনা করেন আধুনিক যুবসমাজকে।
শেষ আপডেট: 3 March 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: একালের তরুণ-যুবকরা ভাবে আমরা বোধহয় পুরনো কালের হয়ে গিয়েছি, এযুগে অচল। কিন্তু, আমরা জানি, ওদের সঙ্গে কীভাবে চলতে হয় অথবা ওদের কীভাবে বাগে আনতে হয়। আদালতকে কোনওভাবেই হালকাভাবে নেবেন না। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এই ভাষাতেই ভর্ৎসনা করেন বিতর্কিত পডকাস্টার-ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া সংক্রান্ত মামলায় এই অভিযুক্তকে। ওই ব্যক্তি শীর্ষ আদালতকে কানাডার একটি দৃষ্টান্ত নিয়ে বলতে গেলে বিচারপতি সূর্য কান্ত এই ভাষাতেই সমালোচনা করেন আধুনিক যুবসমাজকে।
বিচারপতি কান্ত আরও বলেন, সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনও নিয়ন্ত্রণরেখা খাড়া করতে চায় না, যাতে মনে হতে পারে স্বাধীন মতপ্রকাশে কাঁচি চালানো হচ্ছে। কিন্তু, স্বাধীনতা মানে এটা কখনই অবাধ হতে পারে না। যার যা ইচ্ছা তাই চালিয়ে যাবে তা হতে পারে না। রণবীর আল্লাবাদিয়ার হাস্যরসের মান নিয়েও সমালোচনা করেন বিচারপতি। তাঁর কথায়, দেখুন আল্লাবাদিয়ার হাস্যরসের মান কী...হাসি-মশকরা সেই জিনিস যা গোটা পরিবার উপভোগ করতে পারে, কেউ অস্বস্তি পাবে না, লজ্জা পাবে না। কিন্তু অশ্রাব্য ভাষা প্রয়োগ করাটাই প্রতিভাধরের লক্ষণ নয়।
সূর্য কান্তের মতে, কিছু নিয়ন্ত্রণবিধি প্রয়োজন যা নিষেধাজ্ঞার পর্যায়ে যাবে না কিন্তু কিছু জিনিসের উপর সত্যিই বাধানিষেধ থাকাটাও জরুরি। এদিকে, পডকাস্টার আল্লাবাদিয়াকে খানিকটা স্বস্তি দিয়ে কিছু শর্ত আরোপ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর শো চালু করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে তাঁর পরবর্তী শোয়ে যেন কোনওভাবেই ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট বিষয়ে কোনও প্রসঙ্গ উত্থাপন না করা হয় তা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
এদিন একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এ ধরনের বিষয়ে পদক্ষেপের সুপারিশ জানাতে বলেছে। আমাদের সমাজের চোখে গ্রহণযোগ্য নয়, এমন অনুষ্ঠান সম্প্রচার রোধে পদক্ষেপের কথা জানাতে বলা হয়েছে। কিন্তু, স্বাধীন বাক ও মতপ্রকাশের অধিকারকেও তা যেন রক্ষা করে এমন সুপারিশের আহ্বান জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট এদিন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়াকে 'দ্য রণবীর শো' সব বয়সের মানুষের দেখার উপযুক্ত, এমন হলফনামা দিতে বলেছে।
রণবীর আল্লাবাদিয়াকে এই মুহূর্তে বিদেশে না যেতে বলেছে সুপ্রিম কোর্ট। তাঁর শোয়ে ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট মামলা নিয়ে কোনও মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। তাঁর শোয়ে ভদ্রতা, শালীনতা মার্জিতবোধ বজায় রাখা হবে আদালত হলফনামা চেয়েছে। আল্লাবাদিয়াকে গ্রেফতার না করার রক্ষাকবচের মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল রাখা হলেও গুয়াহাটিতে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে আদালত বলেছে, মৌলিক অধিকার থালায় সাজিয়ে দেওয়া বস্তু নয়, তাতেও কিছু বিধিনিষেধ থাকে।