বলি অভিনেতা ‘বজরঙ্গী ভাইজান’ বালুচিস্তানকে পৃথক মর্যাদা দেওয়ার দাবি করায় এই সিদ্ধান্ত নিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার।

পাক সরকারের ফ্যাক্ট চেকিং টিম একটি এক্সবার্তায় সলমন খান জঙ্গি তালিকায় রয়েছেন এই খবরের জবাব দিয়েছে।
শেষ আপডেট: 29 October 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে একটি খবর ছড়িয়েছিল যে, অভিনেতা সলমন খানকে পাকিস্তান জঙ্গি ঘোষণা করেছে। বলি অভিনেতা ‘বজরঙ্গী ভাইজান’ বালুচিস্তানকে পৃথক মর্যাদা দেওয়ার দাবি করায় এই সিদ্ধান্ত নিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার। এবার পাকিস্তানের তথ্য-সম্প্রচার মন্ত্রক সেই খবরের বিষয়ে মুখ খুলল।
পাক সরকারের ফ্যাক্ট চেকিং টিম একটি এক্সবার্তায় সলমন খান জঙ্গি তালিকায় রয়েছেন এই খবরের জবাব দিয়েছে। খবরটির শিরোনামে ছিল- বালুচিস্তান নিয়ে মন্তব্যের জেরে সলমন খানকে জঙ্গি নজরের তালিকায় রেখেছে পাকিস্তান। এই শিরোনামের খবরটির স্ক্রিনশট দিয়ে মন্ত্রক তার উপরে ফেক নিউজ/ অপরীক্ষিত ছাপ্পা মেরে দিয়েছে।
খবরে দাবি করা হয়েছিল, বালুচিস্তান নিয়ে মন্তব্য করায় সলমন খানকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সহযোগী চিহ্নিত করে সন্ত্রাসবাদ দমন আইনে তাঁকে শনাক্ত করেছে। এরপরেই উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি সরকার এরকম কোনও বিবৃতি, বিজ্ঞপ্তি অথবা নির্দেশ দেয়নি। এতে আরও বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যমের তরফে যে খবর প্রকাশিত হয়েছে তাতেও পাক সরকারের কোনও বক্তব্য নেই।
সব শেষে পাক সরকারের ওই বার্তা বলেছে, প্রাথমিক কোনও পরীক্ষিত সত্য প্রমাণের অভাবে এই দাবিকে ভিত্তিহীন ও অসত্য বলে জানানো হচ্ছে। খবরের ভিতরে সারবস্তুহীন বাস্তবতার অভাবের থেকেও উত্তেজক শিরোনাম দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে। এ ধরনের উত্তেজনা সৃষ্টির পিছনে ইচ্ছাকৃত কিছু উদ্দেশ্যপ্রণোদিত মনোভাব রয়েছে বলে আমাদের বিশ্বাস।
এ মাসের গোড়ার দিকে রিয়াধে জয় ফোরামে গিয়েছিলেন সলমন খান। সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও আমির খান। সেখানে সলমন সকলের কাছে বালুচিস্তানকে একটি পৃথক দেশ বলে উল্লেখ করায় বিতর্কের সূত্রপাত। কারণ, বালুচিস্তান পাকিস্তানের একটি রাজ্য মাত্র, পৃথক দেশ নয়। কিন্তু, এখন সেখানেই পৃথক রাষ্ট্রের দাবিতে প্রবল সংগ্রাম চলছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে।