মোদী সরকারের (Modi Govt) নতুন উদ্যোগগুলির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "সরকারের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল মানুষের ভরসা। আমরা প্রশাসনের জটিলতার বদলে নাগরিকের স্ব-প্রমাণিত দলিলকে মানি।

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
শেষ আপডেট: 6 December 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: নয়া ভারত গড়তে 'জন বিশ্বাস'-কেই মূল শক্তি হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, "সরকার নাগরিকদের উপর আস্থা রাখে, কারণ তারাই দেশের উন্নতির মূল চালিকা শক্তি।" এছাড়া দেশের অর্থনীতি নিয়েও বেশ কিছু কথা বলেন প্রধানমন্ত্রী (PM Modi)।
শনিবার এক অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের ধীরগতির অর্থনৈতিক অবস্থা (Indian Economy) হিন্দু ধর্মের জন্য বৃদ্ধি পায়নি, এই ধারণা দেশ ও হিন্দু সংস্কৃতিকে কলঙ্কিত করছে।" তিনি বলেন, "বিশ্ব যখন বিভক্ত, তখন আমাদের দেশ সেতুবন্ধনের কাজ করছে। ভারত আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্ব যখন ধীরগতির অর্থনৈতিক সংকটে, তখন আমাদের প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।"
মোদী সরকারের (Modi Govt) নতুন উদ্যোগগুলির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "সরকারের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল মানুষের ভরসা। আমরা প্রশাসনের জটিলতার বদলে নাগরিকের স্ব-প্রমাণিত দলিলকে মানি। এটি আমাদের নতুন ‘জন বিশ্বাস আইন’-এর অংশ।”
তিনি উল্লেখ করেন, "সরকারের প্রকল্পের (Govt Scheme) মাধ্যমে ৩৭ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশের কাছে পৌঁছে গেছে। ছোট ঋণগুলি গ্যারান্টি ছাড়াই দেওয়া হচ্ছে। এটাই এমন শাসন যা মানুষের ওপর আস্থা রাখে।"
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা হয়তো অবাক হবেন, দেশের ব্যাঙ্কে নাগরিকদের দাবিহীন (Unclaimed Funds) প্রায় ৭৮ হাজার কোটি টাকা পড়ে আছে। কেউ জানে না এই টাকা কার? একইভাবে বিমা সংস্থার কাছে প্রায় ১৪ হাজার কোটি টাকা, মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) ৩ হাজার কোটি টাকা, আর ডিভিডেন্ডে ৯ হাজার কোটি টাকা পড়ে আছে। এই সমস্ত অর্থ এখনও ব্যবহার হয়নি।”
তিনি আরও বলেন, “এই অর্থের প্রকৃত মালিক কেউ নেই। এই টাকা মূলত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের। অনেকেই জানেন না তারা এই অর্থের অধিকারী। আমাদের সরকার এখন দেশজুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে, যাতে তারা নিজেরাই তাদের হারানো অর্থ ফিরে পান।”
প্রধানমন্ত্রী জানান, "এই টাকা নাগরিকদের কাছে ফেরত দিতে সরকার জেলাস্তরে বিশেষ শিবির শুরু করেছে।"
আগামী দশ বছরের মধ্যে ভারতকে (India) ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমরা অন্যদের পথ অনুসরণ করব না। সব বাধা পেরিয়ে নিজেদের পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে।"