নতুন নিয়মে খরচ বাড়বে না বলে জানানো হয়েছে ডাক বিভাগের তরফে। বরং প্রাথমিক এটি (স্থানীয় ক্ষেত্রে) আরও সাশ্রয়ী হতে চলেছে।

ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 6 August 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। ঐতিহাসিক এই পরিষেবা এবার স্পিড পোস্ট-এর সঙ্গে মিশে (merge) যেতে চলেছে।
একটি ইন্টারনাল সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরু জেনারেল পোস্ট অফিসের (GPO) এক শীর্ষ আধিকারিক। তাঁর কথায়, ‘ডাক পরিষেবাকে আরও সহজ ও এক কাঠামোয় আনতেই এই সিদ্ধান্ত।’
রেজিস্টার্ড পোস্ট বনাম স্পিড পোস্ট - কী ছিল পার্থক্য?
রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ যা কিনা addressee-specific। নিরাপত্তার জন্যই এই বিশেষ পদ্ধতি। সাধারণত আইনি নোটিস, সরকারি চিঠিপত্র পাঠাতে এটি ব্যবহার করা হত।
অন্যদিকে, স্পিড পোস্ট পুরোপুরি ঠিকানা নির্ভর (address-specific)। অর্থাৎ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত কেউ চিঠি নিলেই হয়। এই পরিষেবা মূলত দ্রুত ডেলিভারির ওপর জোর দেয়।
এখন কীভাবে কাজ করবে নতুন পরিষেবা?
নতুন ব্যবস্থায়, স্পিড পোস্টের সঙ্গে একটি ‘অ্যাড-অন সার্ভিস’ যুক্ত হবে। ফলে কেউ চাইলে স্পিড পোস্টকেও অ্যাড্রেসি-স্পেসিফিক করতে পারবেন। অর্থাৎ রেজিস্টার্ড পোস্টের মতোই, কেউ চাইলে ভবিষ্যতে স্পিড পোস্ট নির্দিষ্ট ব্যক্তির নামেই পাঠাতে পারবেন।
এই নতুন নিয়মে খরচ বাড়বে না বলে জানানো হয়েছে ডাক বিভাগের তরফে। বরং প্রাথমিক এটি (স্থানীয় ক্ষেত্রে) আরও সাশ্রয়ী হতে চলেছে, দাবি ওই পদস্থ আধিকারিকের।
এখন রেজিস্টার্ড পোস্টে ২০ গ্রাম পর্যন্ত ওজনের চিঠি পাঠাতে খরচ হয় ২২ টাকা (স্থানীয়)। অপরদিকে, স্পিড পোস্টে ৫০ গ্রাম পর্যন্ত ওজনের চিঠি পাঠাতে খরচ হয় ১৫ টাকা (স্থানীয়)।
সারা ভারতের জন্য এক রেট (One India One Rate) অনুযায়ী স্পিড পোস্টে খরচ ৩৫ টাকা। (উল্লেখিত ট্যারিফগুলিতে কর (tax) অন্তর্ভুক্ত নয় যদিও।)
রেজিস্টার্ড পোস্ট বন্ধ হওয়া প্রসঙ্গে কর্নাটক হাইকোর্টও ইতিমধ্যেই নিজস্ব ব্যবস্থায় স্পিড পোস্টে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে, জানিয়েছে সূত্র।