প্রশাসনিক সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে অনেক আইপিএস আধিকারিককেই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবতে হতে পারে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 31 January 2026 13:23
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আইপিএস আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত নিয়মে বড়সড় বদল! কেন্দ্রীয় সরকারের আইজি (IG) বা সমমর্যাদার পদে দায়িত্ব পেতে হলে এখন থেকে বাধ্যতামূলক ভাবে অন্তত দু’ বছর কেন্দ্রীয় অভিজ্ঞতা থাকতে হবে আইপিএস আধিকারিকদের (Recruitment of IPS at center is strict, two years central experience is mandatory to become IG)। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
২৮ জানুয়ারি, ২০২৬ তারিখে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১১ ব্যাচ থেকে শুরু করে পরবর্তী ব্যাচের আইপিএস আধিকারিকদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ রাজ্য ক্যাডারে দীর্ঘদিন কাজ করলেও, কেন্দ্রীয় স্তরে কাজের অভিজ্ঞতা না থাকলে আইজি বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্ট মিলবে না।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য ক্যাডারে কর্মরত সমস্ত আইপিএস আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় প্রশাসনের কাজের অভিজ্ঞতা ছাড়া উচ্চপদে বসলে নীতিনির্ধারণ ও সমন্বয়ে সমস্যা হচ্ছিল, এই যুক্তিতেই নিয়মে এই সংশোধন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে অভিজ্ঞতার ভারসাম্য রক্ষাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে মনে করছে প্রশাসনিক মহল।
এই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে সমস্ত রাজ্যের ডিজিপি, পার্সোনেল ও ট্রেনিং দফতর এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় দফতরগুলিকেও। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি আইপিএসের সরকারি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে অনেক আইপিএস আধিকারিককেই কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবতে হতে পারে।