
শেষ আপডেট: 16 February 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো গুরুতর অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপর গত ৩১ জানুয়ারি বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, আগামী ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট, ফাস্ট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না। তবে বৃহত্তর জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে সেই সময়সীমা বৃদ্ধি করল আরবিআই।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ১৫ মার্চের পর নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না পেটিএম ব্যাঙ্ক। প্রিপেড, ওয়ালেট, ফাস্ট্যাগ-সহ বিভিন্ন পরিষেবাও বন্ধ হয়ে যাবে। তবে সুদ বা রিফান্ড যে কোনও সময় জমা হতে পারে। চালু থাকবে পেটিএমের ইউপিআই পরিষেবাও। ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়েছিল, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার খাতা খুলতে পারবে না। তারপরই এই বছর জানুয়ারিতে পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে জানানো হয়েছিল, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো আর্থিক সংস্থাটির ধারাবাহিকভাবে অনিয়ম সহ আরও অনেক ত্রুটি ধরা পড়েছে।