
রতন টাটা
শেষ আপডেট: 10 October 2024 10:09
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে মৃত্যু হয় টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটে গভীর শোক প্রকাশ করে টাটা গোষ্ঠীর কর্ণধারের প্রয়াণের খবর সামনে এনেছেন। আজ ওরলিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে টাটাকে। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
তিনি বলেছেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। মরদেহ শায়িত থাকবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে। সাড়ে ৩টের সময় প্রয়াত শিল্পপতির দেহ শেষযাত্রা শুরু হবে নরিম্যান পয়েন্ট থেকে। ৪টের সময় শুরু হবে শেষকৃত্যের কাজ। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজ্যে ‘শোক দিবস’ পালিত হবে।
গত সোমবার সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, 'শারীরিক অবস্থা নিয়ে নানারকম চর্চা হতে শুরু করে। তবে এসব ভীতি অমূলক। আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ। চিন্তা করার মতো কিছুই হয়নি।' কিন্তু, বুধবার আরও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আচমকা তাঁর রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।তারপরই টুইট করে টাটার মৃত্যুর খবর জানান শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।
সূত্রের খবর, শেষ মুহূর্ত পর্যন্ত রতন টাটা চাননি তাঁর অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ুক। সেক্ষেত্রে টাটা গোষ্ঠীর একাধিক সংস্থায় কর্মীদের কাজে প্রভাব পড়তে পারে বলে ঘনিষ্ঠ মহলে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি।
বস্তুত, টাটা গোষ্ঠীর প্রধান কর্ণধারের প্রয়াণে গভীর শোক নেমে এসেছে শিল্প মহলে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।