বৃহস্পতিবার সকালে তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়ে প্রয়াত বিএনপি নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শেষ আপডেট: 1 January 2026 15:02
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার (RIP Khaleda Zia) স্মৃতির প্রতি সরকারের তরফে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।বৃহস্পতিবার সকালে তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়ে প্রয়াত বিএনপি নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইকমিশন অফিসে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এর আগে ২০২১ সালে বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। তখন সে দেশে ছিলেন শেখ হাসিনা।
Honoured to welcome HE @rajnathsingh, Hon 🇮🇳Defense Minister at @bdhc_delhi as he conveyed condolences of #India and paid homage to former 🇧🇩 Prime Minister | @bdbnp78 Chairperson (late) #BegumKhaledaZia, in Delhi.@MEAIndia @BDMOFA @BJP4India #Bangladesh pic.twitter.com/UaykG224TT
— Riaz Hamidullah (@hamidullah_riaz) January 1, 2026
বুধবার ঢাকায় খালেদার অন্তেষ্টি অনুষ্ঠানে ভারত সরকারের তরফে যোগ দিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি খালেদা পুত্র তথা বিএনপি'র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন। তাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন।

প্রয়াত খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতিকৃতিতে মালা দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, এরপর শোক বইয়ে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেছেন।
কূটনৈতিক মহল মনে করছে, খালেদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে ভারত। আগামী মাসের ১২ তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না আওয়ামী লিগকে। এই পরিস্থিতিতে আর এক প্রধান দল বিএনপি'র ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। খালেদা জিয়ার পার্টি ক্ষমতায় ফিরলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন তা নিয়েও কোন সংশয় নেই। মনে করা হচ্ছে সেই সম্ভাবনাকে বিবেচনায় রেখেই ভারত এখন থেকেই বিএনপি নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে চলেছে। অন্যদিকে বিএনপির তরফেও ভারতের ভূমিকাকে ইতিবাচক হিসেবে তুলে ধরা হচ্ছে।