
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই - ফাইল ছবি
শেষ আপডেট: 25 July 2024 22:31
দ্য ওয়াল ব্যুরো: দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। মারাত্মক কিছু হতে পারে! মুম্বইয়ে এমনই নির্দেশ দিয়ে জারি হয়ে গেছে লাল সতর্কতা। না, কোনও জঙ্গি হামলার আশঙ্কা নয়, প্রবল বৃষ্টির ফলে আরও খারাপ হতে চলেছে মুম্বইয়ের হাল। তাই আমজনতাকে সতর্ক করা হয়েছে।
মহারাষ্ট্রের একাধিক এলাকায় বৃষ্টি ক্রমশ বাড়ছে। মুম্বই সহ বিভিন্ন অঞ্চল কার্যত জলমগ্ন। বহু জায়গা কোমর সমান জলের তলায়। ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একাধিকজন। তাই সাধারণ মানুষকে সাবধান করতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই পুলিশের অনুরোধ, কাল বেলা পর্যন্ত যাতে কেউ দরকার ছাড়া বাড়ির বাইরে না বের হন। আইএমডি সকাল ৮.৩০ পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে।
IMD has declared a Red alert for Mumbai till tomorrow morning 8.30am. Requesting all Mumbaikars to stay indoors, until essential. Please stay safe. #Dial100 #Dial112 in case of any emergencies.#MonsoonUpdates#StaySafe
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) July 25, 2024
বিগত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মুম্বই শহরে বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। আন্ধেরি, সায়ন, চেম্বুর, কুর্লা এবং ঠাণে প্রায় অবরুদ্ধ। তবে সবচেয়ে খারাপ অবস্থা পুণের। সেখানকার স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু আবাসনের ভিতরেও জল ঢুকে গেছে। অন্যদিকে মুম্বইয়ের আন্ধেরি সাবওয়ে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, শহরে জল সরবরাহকারী সাতটি লেকের মধ্যে তিনটি উপচে পড়েছে। ফলে পানীয় জলের সংকট দেখা যেতে পারে আগামী কয়েক দিন।
ক'দিন আগেই মুম্বইয়ের গ্র্যান্ট রোডে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের। ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে বিগত কয়েকদিন ধরে। পুলিশ জানিয়েছে, তার জেরেই ভেঙে পড়েছে ওই বাড়ির একাংশ। যদিও বাড়িটি বেশ পুরনো বলে জানতে পেরেছে তারা। এই ঘটনায় এক মহিলার মৃত্যুর পাশাপাশি ৩ জন আহত হয়েছে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মুম্বইয়ে সবজি বাজার থেকে রেললাইন, সড়ক সর্বত্রই জল থইথই অবস্থা।