রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণায় স্পষ্ট হল— বিহারে মহাজোটে আরজেডিই ‘বড় ভাই’, কংগ্রেস সেখানে অনেকটাই নির্ভরশীল সহযোগী।

রাহুল গান্ধী ও তেজস্বী যাদব
শেষ আপডেট: 30 August 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: বিহারে মহাজোটের (India Bloc) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) হিসেবে নিজের নাম ঘোষণা করলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। রবিবার ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতেই নাটকীয় ভঙ্গিতে নিজের নাম নেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও (Akhilesh Yadav)।
আড়ার জনসভায় তেজস্বীর সোজাসুজি আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) ঘিরে। তাঁকে কটাক্ষ করে তেজস্বীর মন্তব্য, “নীতীশজি আসলে এক ‘কপিক্যাট মুখ্যমন্ত্রী’। আমি যেটা করছি, উনি সেটা নকল করছেন। তেজস্বী সামনে এগোচ্ছে, সরকার পিছন থেকে অনুসরণ করছে।”
এরপর জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি— মানুষ কি চান ‘অরিজিনাল’ মুখ্যমন্ত্রী, নাকি ‘ডুপ্লিকেট’? সেই সঙ্গে নিজেকে মহাজোটের একমাত্র ‘অরিজিনাল’ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে ঘোষণা করেন। রাহুল গাঁধী তখন মঞ্চেই উপস্থিত, তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
তেজস্বীর স্পষ্ট ঘোষণা সত্ত্বেও কংগ্রেসের তরফে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সমর্থন আসেনি। রাহুল-তেজস্বীর প্রকাশ্য সৌহার্দ্য সত্ত্বেও কংগ্রেস নেতৃত্বের এই নীরবতা রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি করেছে।
দলীয় সূত্রের খবর, আসন-বণ্টন নিয়ে টানাপড়েনই এর মূল কারণ। ২০২০ সালের বিধানসভা ভোটে কংগ্রেস ৭০ আসনে লড়লেও জিতেছিল মাত্র ১৯টিতে। সেই খারাপ ফলাফল মহাজোটের সামগ্রিক সাফল্যে প্রভাব ফেলেছিল, যদিও আরজেডি তখনও একক বৃহত্তম দল হয়। এবারও কংগ্রেস চাইছে সমান সংখ্যক আসন, আর সেই কারণেই আপাতত তেজস্বীর মুখ্যমন্ত্রী প্রার্থীপদে সায় দিতে নারাজ তারা।
রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণায় স্পষ্ট হল— বিহারে মহাজোটে আরজেডিই ‘বড় ভাই’, কংগ্রেস সেখানে অনেকটাই নির্ভরশীল সহযোগী।
বস্তুত, ক'দিন আগে আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী (Prime Minister) করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন বলে জানিয়েছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
তিনি বলেছিলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর নেতৃত্বই মানুষের ভরসা। তাই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র লক্ষ্য হবে তাঁকে সামনে রেখেই লড়াই করা। তেজস্বী বলেছিলেন, রাহুলজি একমাত্র নেতা, যিনি সাধারণ মানুষের সমস্যার কথা নির্ভয়ে বলছেন। আগামী লোকসভা ভোটে তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। এদিকে, বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করতেই তেজস্বীকে নিয়ে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।