
সংসদে রাহুল ও অবধেশ। ফাইল ছবি।
শেষ আপডেট: 2 July 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর হিন্দুত্ব-হিংসা নিয়ে বিরোধী জোটকে অস্বস্তিতে ফেললেন ফৈজাবাদ তথা অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ। এবার ওই আসনে বিজেপির দুবারের সাংসদ লাল্লু সিং কে হারিয়ে বিজয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা অবধেশ। তাঁকেই বিরোধীপক্ষ লোকসভার ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে পারে এমন আলোচনাও আছে।
যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই ফৈজাবাদ তথা অযোধ্যায় বিজেপিকে হারিয়ে রাতারাতি জাতীয় রাজনীতির প্রথম সারিতে চলে এসেছেন অবধেশ। বিরোধী শিবিরের অন্যতম মুখ হয়ে ওঠা অবধেশ মঙ্গলবার সকালে বলেছেন, সোমবার সংসদে রাহুল গান্ধী হিন্দুত্ব এবং হিংসা নিয়ে যে মন্তব্য করেছেন তা সমর্থন করি না। কংগ্রেস নেতার বক্তব্যে হিন্দু ধর্ম সম্পর্কে ভুল বার্তা যাবে। ওই সাংসদ আরও বলেছেন, বিজেপি ও আরএসএসের ধর্মীয় বিদ্বেষের রাজনীতি সমর্থন করি না। তবে তার সঙ্গে হিন্দু হিন্দুত্বকে জুড়িয়ে ফেলা ঠিক নয়।
মঙ্গলবার আর মিনিট ১৫ পর সংসদের অধিবেশন বসতে চলেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কে মঙ্গলবার প্রথম বক্তা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তার আগে তাঁরই দলের প্রবীণ সাংসদ অবধেশ রাহুল গান্ধীর বক্তব্য নস্যাৎ করে দিয়ে শাসক শিবিরকে উজ্জীবিত করে তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে এনডিএ'র সংসদীয় দলের বৈঠকে ভাষণ দিচ্ছেন। সেখানেই ঠিক হচ্ছে আজ কীভাবে রাহুলের সমালোচনার জবাব দেওয়া হবে।