ভদোদরায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল প্রশ্ন তোলেন, সংসদে মোদীর আজকের ভাষণে কেন আমেরিকার নাম একবারও উল্লেখ করা হল না (Rahul Gandhi on Modi Trump criticism Lok sabha))।

রাহুল গান্ধীর সরাসরি আক্রমণ প্রধানমন্ত্রীকে
শেষ আপডেট: 23 March 2026 23:43
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার সংকট (West Asia crisis) ঘিরে দেশের অন্দরেই ভারতের অবস্থান নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল সোমবার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে।
ভদোদরায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল প্রশ্ন তোলেন, সংসদে মোদীর আজকের ভাষণে কেন আমেরিকার নাম একবারও উল্লেখ করা হল না (Rahul Gandhi on Modi Trump criticism Lok sabha))।
রাহুলের কথায়, “শুনেছি প্রধানমন্ত্রী ২৫ মিনিট কথা বলেছেন। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, তিনি সংসদে বিতর্কে অংশ নিতে পারবেন না, কারণ তিনি আপস করে ফেলেছেন। ২৫ মিনিট ধরে বললেন, কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটি শব্দও বললেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০ শতাংশ ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে।”
কৃষি থেকে কূটনীতি - একাধিক ইস্যুতে আক্রমণ
শুধু কূটনীতি নয়, অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েও কেন্দ্রকে তীব্র সমালোচনা করেন রাহুল। তাঁর অভিযোগ, আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের জন্য বিপজ্জনক হতে পারে।
তিনি বলেন, “ভারতে ছোট ছোট খামার রয়েছে, যেখানে মানুষ হাতে কাজ করেন। কিন্তু আমেরিকায় বড় বড় যান্ত্রিক খামার। আমেরিকার পণ্য যদি ভারতে ঢুকতে শুরু করে, আমাদের কৃষকরা ধ্বংস হয়ে যাবেন।”
‘জনজাতি’ বনাম ‘বনবাসী’ বিতর্ক
এদিন জনজাতি পরিচয় নিয়েও সরব হন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, “জনজাতি মানে এই দেশের মূল বাসিন্দা - জল, জঙ্গল, জমির প্রকৃত মালিক। কিন্তু আরএসএস-বিজেপি (RSS-BJP) ‘বনবাসী’ শব্দটি চালু করেছে, যা বোঝায় আপনারা শুধু জঙ্গলে থাকেন, মালিক নন।”
জনজাতি নেতা বিরসা মুন্ডা (Birsa Munda)-র প্রসঙ্গ টেনে রাহুল অভিযোগ করেন, শাসক দল মুখে শ্রদ্ধা জানালেও তাঁর আদর্শকে বাস্তবে খর্ব করছে। “মোদী ও বিজেপি নেতারা বিরসা মুন্ডার মূর্তির সামনে হাত জোড় করেন, কিন্তু তিনি যে আদর্শের জন্য লড়েছিলেন, সেই আদর্শকেই আঘাত করেন,” বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, জমি, জল ও বনাধিকার সংক্রান্ত নীতিগুলি আদিবাসীদের অধিকার এবং সংবিধানের উপর সরাসরি আঘাত।
লোকসভায় মোদীর বক্তব্য
অন্যদিকে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর আজ প্রথমবার সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই সংঘাতের জেরে ভারত একাধিক অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
একই সঙ্গে তিনি আশ্বাস দেন, দেশের নাগরিকদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ - সবই সুরক্ষিত রাখার চেষ্টা করছে সরকার।
হরমুজ প্রণালী প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা “অগ্রহণযোগ্য” এবং তেল, গ্যাস ও সার সরবরাহ যাতে বাধাহীন থাকে, সে জন্য সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
সব মিলিয়ে, পশ্চিম এশিয়ার সংঘাত যেমন আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলছে, তেমনই তার রেশ পড়ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও। এই ইস্যুতে সরকার ও বিরোধী শিবিরের সংঘাত যে আরও বাড়বে, তা স্পষ্ট।