রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ডিনারের আয়োজন হয়েছে। গত বছর মস্কোয় মোদীর সফরের প্রতিদান হিসেবেই এই আপ্যায়ন বলে সরকারি সূত্রের দাবি।
.jpeg.webp)
রাহুল গান্ধী
শেষ আপডেট: 4 December 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দিল্লি সফরকে (New Delhi Tour) ঘিরে বৃহস্পতিবার ফের তীব্র সুর তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ - বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে বিরোধী নেতৃত্বের আলোচনার যে সাংসদীয় রীতি বহুদিন ধরে বজায় ছিল, সেটি বর্তমান সরকার ইচ্ছে করে ভেঙে দিচ্ছে।
সংসদ ভবনের (Parliament) বাইরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রাহুল বলেন, “বাজপেয়ীজি থেকে শুরু করে মনমোহন সিংয়ের সময়েও এই প্রথা ছিল। বিদেশি নেতারা এলে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেন। আজকাল সরকারই বিদেশি অতিথিদের (Forgien Leaders) বলে দেয় - বিরোধী দলনেতার সঙ্গে দেখা করবেন না। অথচ আমরাও ভারতের প্রতিনিধি।”
রাহুলের দাবি, বিদেশ মন্ত্রক ও প্রধানমন্ত্রী (PM Narendra Modi) দু’জনেই একপ্রকার চাপ তৈরি করেন যাতে অতিথিরা বিরোধী শিবিরের সঙ্গে দেখা না করেন। তাঁর কথায়, “এটা আতঙ্কের রাজনীতি, তারা চায় না যে ভারতের বিষয়ে আমাদের অন্য মতামত কেউ জানুক।”
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ডিনারের (Special Dinner) আয়োজন হয়েছে। গত বছর মস্কোয় মোদীর সফরের প্রতিদান হিসেবেই এই আপ্যায়ন বলে সরকারি সূত্রের দাবি।
শুক্রবারের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনার বিষয়গুলি কিছুটা এই রকম -
* প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো
* ভারত–রাশিয়া বাণিজ্যকে বাইরের চাপ থেকে সুরক্ষিত রাখা
* স্মল মড্যুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রকল্পে সম্ভাব্য অংশীদারিত্ব
* একই সময়ে ভারত–আমেরিকা সম্পর্কে সম্প্রতি যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়ে বিশ্লেষণ
এদিকে, কংগ্রেস ১৯৫৫ সালে সোভিয়েত নেতা নিকোলাই বুলগানিন ও নিকিতা ক্রুশ্চেভের ঐতিহাসিক ভারত সফরের প্রসঙ্গ তুলে ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ব্যাখ্যা করেছে।অনেকদিন ধরে কংগ্রেসের সঙ্গে আড়াআড়ি চলা তিরুবনন্তপুরমের এমপি শশী তারুর রাহুল গান্ধীকে সমর্থন করেছেন এ ব্যাপারে। তিনি বলেন, সরকারের উচিত এর জবাব দেওয়া।
শশী তারুর বলেছেন, বিদেশি অতিথিরা দেশের গণতান্ত্রিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করতেই পারেন। এতে কোনও বাধা নেই। দাদার হয়ে জোরাল সওয়াল করেছেন ওয়ানাড়ের কংগ্রেস এমপি প্রিয়ঙ্কা গান্ধীও। তিনি বলেন, এটা প্রটোকল যে বিদেশি অতিথিরা দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। কিন্তু এই প্রটোকল সরকার ভাঙছে, ওরা কাউকে মুখ খুলতে দিতে ভয় পাচ্ছে। ওরা কারও পরামর্শ শুনতে নারাজ। ভগবান জানেন ওদের এত ভয় কীসের!
দলের মুখপাত্র জয়ারাম রমেশ বলেন, “ঠিক ৭০ বছর আগে সোভিয়েত ইউনিয়নের শীর্ষ দুই নেতা ভারতে এসেছিলেন। ১৯ দিনের সেই সফর ভারতের সঙ্গে সোভিয়েত সম্পর্কের ভিত্তি আরও শক্ত করেছিল। তার পরেই মিগ–বিমান তৈরির প্রযুক্তি হস্তান্তর, ওএনজিসি–র জন্ম এবং আইডিপিএল–সহ একাধিক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের উত্থান সম্ভব হয়।” তিনি ১৯৫৫ সালের সেই সফরের ভিডিও–দৃশ্যও শেয়ার করেন।
পুতিন শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ দিল্লি ছাড়বেন। প্রায় ২৮ ঘণ্টার এই সফরকে কেন্দ্র করে দিল্লিতে কড়া নজরদারি চলছে।