
প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 February 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবে সব ধরনের স্কুলে ক্লাস টেন পর্যন্ত (Schools) প্রথম ভাষা হিসাবে পাঞ্জাবি পড়া (Punjabi Language) বাধ্যতামূলক করল রাজ্যের আম আদমি সরকার (AAP)। রাজ্যের শিক্ষামন্ত্রী হারজৎ সিং জানিয়েছেন, আজকালের মধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে।
তিনি জানিয়েছেন, প্রথম ভাষা হিসাবে পাঞ্জাবি না পড়া ছেলেমেয়েদের ডিগ্রি বৈধ হবে না। বাতিল হবে স্কুলের অনুমোদনও। মন্ত্রী আরও জানিয়েছেন, সিবিএসই-সহ কেন্দ্রীয় বোর্ড অনুমোদিত স্কুলেও একই নিয়ম বলবৎ হবে। এই ব্যাপারে ভেদাভেদ রাখা হবে না। ছেলেমেয়েরা ইংরিজি ও হিন্দি বা অন্য কোনও ভাষাকে দ্বিতীয়, তৃতীয় অতিরিক্ত হিসাবে বেছে নিতে পারে।
পাঞ্জাব সরকারের এই পদক্ষেপের কারণ সিবিএসই-র নতুন নির্দেশকা। তাতে বলা হিন্দি ও ইংরিজি পড়া বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্ত ভাষার তালিকায় আছে পাঞ্জাবি।
এর আগে তামিলনাড়ু সরকারও কেন্দ্রের ভাষা নীতির বিরোধিতা করেছে। রাজ্যের ডিএমকে বোর্ড বলেছে, সব বোর্ডের স্কুলেই প্রথম ভাষা হতে হবে তামিল। অতিরিক্ত ভাষা হিসাবে অন্যান্য ভাষা যুক্ত করা যেতে পারে। একই দাবি উঠেছে কর্নাটক ও তেলেঙ্গানাতেও। তবে ওই দুই সরকার এখনও কোনও পদক্ষেপ করেনি।
পাঞ্জাবের মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ও সিবিএসই-র সিদ্ধান্ত একটি ষড়যন্ত্র, পাঞ্জাব, পাঞ্জাবি ও পাঞ্জাবিয়ত (পাঞ্জাবি অস্মিতা)-কে আঘাতের চেষ্টা। আম আদমি পার্টির সরকার এটা মানবে না। হারজৎ সিং আরও বলেন, আমরা কেন্দ্রের ভাষা শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত জেনে অবাক হচ্ছি। তারা ভাষা বিভাগে থাই, জার্মানি, ফরাসি ভাষার উল্লেখ করেছে, অথচ পাঞ্জাবির উল্লেখ নেই।
আপ সরকারের বক্তব্য, তারা কেন্দ্রের সিদ্ধান্তকে মোটেই লঘু করে দেখছেন না। পাঞ্জাব ও পাঞ্জাবি ভাষাভাষি মানুষের বিরুদ্ধে চক্রান্ত হিসাবে দেখছেন। কারণ, ভাষার উপর আঘাত জাতিকেই অসম্মান।