
শেষ আপডেট: 17 December 2023 18:20
দ্য ওয়াল ব্যুরো: খুবলে নেওয়া হয়েছে চোখ। কেটে নেওয়া হয়েছে গোপনাঙ্গ। এরপর গলার কাছে গুলি করে খুন করা হয়েছে। বিহারে এমনই নৃশংসভাবে এক পুরোহিত হত্যার অভিযোগ উঠেছে। আর সেই মৃতদেহ উদ্ধার হওয়ার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।
শনিবার গোপালগঞ্জ জেলার বাসিন্দা স্থানীয় শিব মন্দিরের পুরোহিতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মনোজ কুমার। প্রায় পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। মনোজ বিজেপি নেতা অশোক কুমার শাহর ভাই। বাড়ি থেকে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে আর ফেরেননি তিনি। মাঝপথেই তাঁকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। কয়েকদিন কেটে যাওয়ার পরও পুরোহিতের কোনও খোঁজ না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। এরপর শনিবার গ্রামের একটি জঙ্গল থেকে মনোজের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। চোখ উপড়ানো, পুরুষাঙ্গ কাটা মৃতদেহ মিলতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনেছেন। এলাকাবাসীদের মনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন ক্ষুদ্ধ জনতা। স্থানীয়দের আক্রমণে দুই পুলিশকর্মী আহত হন। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
ঘটনাটিতে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ সদরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রাঞ্জল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। গোটা ঘটনায় বিজেপি আঙুল তুলেছে নীতীশ কুমার সরকারের দিকে। বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালার কটাক্ষ, “আইএস জঙ্গিদের মতো পুরোহিতকে খুন করা হয়েছে। বিহারে ‘জঙ্গলরাজ’ কায়েম হয়েছে আবার।”
মৃত মনোজের আরেক ভাই সুরেশ শাহ বলেন, “আমরা ভেবেছিলাম ভাই ফিরে আসবে। কিন্তু ছদিন পরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। আমরা জানি না কেন ওকে হত্যা করা হল।” এসিডিপিও প্রাঞ্জল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। খুনের তদন্ত শুরু হয়েছে।