
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 11 April 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে ৫০-তম বার এসে ৩,৮৮০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে পা রাখা মাত্রই মোদীকে সাম্প্রতিক নাবালিকা ধর্ষণের বিষয়ে বিস্তারিতে জানানো হয়। ঘটনার কথা শুনে প্রধানমন্ত্রী ব্যাপক ক্ষুব্ধ হয়ে এই গণধর্ষণ কাণ্ডের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানান। তিনি বারাণসী বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্তারা শহরের ওই ঘৃণ্য কাণ্ড নিয়ে সবিস্তারে জানান প্রধানমন্ত্রীকে।
কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ ছাড়াও এই ধরনের ঘটনা যাতে বারাণসীতে আর না ঘটে সে বিষয়েও পুলিশকর্তাদের সতর্ক করে দেন তিনি। ১৯ বছর বয়সি ওই নির্যাতিতার অভিযোগ, সাতদিন ধরে ২৩ জন তাকে ধর্ষণ করেছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মাত্র ৯ জনকে গ্রেফতার করে পেরেছে।
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী শিববন্দনার মধ্য দিয়ে তাঁর বক্তৃতা শুরু করেন। তিনি স্থানীয় ভোজপুরী ভাষায় শ্রোতাদের সম্বন্ধ করে বলেন, আমি কাশীর, কাশী আমার। উন্নয়নের দিক থেকে কাশী এখন দেশের সামনে একটা মডেল হয়ে গিয়েছে। কাশী এখন আর শুধুমাত্র এক প্রাচীন শহর নয়, সেখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে।
ভাষণে রাজনৈতিক কথাও উঠে আসে মোদীর কথায়। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের নাম না করে বলেন, যারা শুধু নিজের পরিবারের স্বার্থ কায়েম রাখতে ও পারিবারিক শ্রীবৃদ্ধির জন্য ক্ষমতার জন্য লালায়িত তারা কখনও দেশের উন্নয়ন করতে পারে না। উনিশ শতকের সংস্কারবাদী মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মদিবস উপলক্ষে মোদী বলেন, নারীর সশক্তিকরণের জন্য সরকার অনেক কাজ করেছে। এদিন তিনি এও জানান যে, ২০৩৬ সালের অলিম্পিক ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।