
পুরীর রথযাত্রায় উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শেষ আপডেট: 6 July 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশায় এই প্রথম বিজেপি জমানায় রথে চড়বেন প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা। পুরীর রথযাত্রায় এবছর উপস্থিত থাকবেন রাজ্যের ভূমিপুত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই উপলক্ষে চারদিনের সফরে আজ, শনিবারই তিনি পৌঁছচ্ছেন রাষ্ট্রপতি।
উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওড়িশা পুলিশ এবছর জগন্নাথের রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে। গত মঙ্গলবার হাথরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর পর আগামিকাল, রবিবার তার থেকেও কয়েকশো গুণ বেশি জনসমুদ্রের মোকাবিলা করতে হবে ওড়িশা পুলিশকে। আনুমানিক এবার ১০-১৩ লক্ষ ভক্ত সমাগম হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য সজাগ রয়েছে বিজেপি সরকার।
সেকারণে পুলিশ এবারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে। ভিড় নিয়ন্ত্রণে ও নজরদারিতে এআই প্রযুক্তির ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। এডিজি (আইনশৃঙ্খলা) সঞ্জীব কুমার বলেন, এবারই প্রথম এআই প্রযুক্তির ক্যামেরা ও ড্রোন নামানো হচ্ছে। যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে এটা ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করেন তিনি। এর মাধ্যমে ভক্তদের উপর কাছ থেকে নজরদারি, যানগণনা এবং সঠিক সময়ে সঠিক তথ্য মিলবে।
ভিড়ের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া ড্রোনে পুলিশের নির্দেশ ঘোষণারও ব্যবস্থা থাকবে। পুলিশকর্তা জানান, আমরা ২০০টি এআই ক্যামেরা কাজে লাগাচ্ছি। এছাড়াও তিন কোম্পানি ব়্যাফ, ২ কোম্পানি সিআরপিএফ এবং ৮ প্ল্যাটুন এসওজি গ্রুপ মোতায়েন করা হচ্ছে।
এদিকে, উৎসাহ-উদ্দীপনার মাথায় ছেয়েছে আশঙ্কার কালো মেঘও। আবহাওয়া অফিস শনিবার জানিয়ে দিয়েছে, আগামী চারদিন ওড়িশার অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামিকাল রথের দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরীতেও।
ওড়িশায় প্রথম ক্ষমতায় আসা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি রথযাত্রা উপলক্ষে দুদিনের ছুটি ঘোষণা করেছেন। ৫৩ বছর পর এবারের রথযাত্রার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একইদিনে পড়েছে।