.jpeg)
মহাকুম্ভে প্রয়াগরাজ
শেষ আপডেট: 24 February 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুদিনের মধ্যেই শেষ হচ্ছে মহাকুম্ভ মেলা। পুণ্যস্নানের মূল কয়েকটি তিথির একটিমাত্র বাকি। যা রয়েছে বুধবার। প্রয়াগরাজে জনস্রোত অব্যাহত। শহরে মানুষের ঢল এতটাই বেড়েছে যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ক্ষোভে এবার মহাকুম্ভে আর ভিড় না বাড়ার আবেদন জানালেন এক স্থানীয় বাসিন্দা। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট-এ পোস্ট করে শহরে না আসার অনুরোধ জানান।
তাঁর কথায়, মহাকুম্ভ উপলক্ষ্যে গত এক বছরে শহরের পরিকাঠামো উন্নত করা হয়েছে। তৈরি হয়েছে নতুন রাস্তা, ফ্লাইওভার। ট্র্যাফিক ব্যবস্থারও উন্নতি হয়েছে। তবে এত বড় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের আগে যে উন্মাদনা সকলের মধ্যে ছিল, তা এখন ক্লান্তিতে পরিণত হয়েছে।
ওই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লেখেন, '১৯ ফেব্রুয়ারি, শেষ অমৃত স্নানও হয়ে গেছে। তাহলে কেন শহরে মানুষের ভিড় কমার বদলে আরও বাড়ছে?'
তিনি শহরের ভয়াবহ পরিস্থিতির বিবরণ দিয়ে বলেন, মূল রাস্তা থেকে অলিগলি—সব জায়গায় মানুষ আর যানবাহনের ভিড়ে থমকে গেছে জীবন। বাস-অটোতেও প্রচণ্ড ভিড়, রাস্তা দিয়ে হাঁটার পর্যন্ত জায়গা নেই।
তাঁর কথায়, সবচেয়ে বিরক্তির বিষয় হল, স্থানীয়দেরই যানজটের জন্য দায়ি করা হচ্ছে। ওই ব্যক্তি পোস্টে লেখেন, 'গতকাল ভাবলাম, শহরে একটু ঘুরে বেড়াই। সবচেয়ে বড় ভুল করলাম। গাড়ি নিয়ে বেরোতেই কিছু অপরিচিত লোক চিৎকার করে বলল, আপনাদের জন্যই ট্রাফিক জ্যাম হচ্ছে! ভাই, আমরা এখানে থাকি।'
তিনি পুণ্যার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, 'দয়া করে এখন আর আসবেন না। গঙ্গা ও সঙ্গম কোথাও পালাচ্ছে না। পরে এসে শান্তিতে দর্শন করুন। শহর ও এর বাসিন্দাদের প্রতি একটু সদয় হোন। আমরা সত্যিই ভীষণ সমস্যায় আছি।'
পোস্টে আরও দাবি করা হয়েছে, অনেক পুণ্যার্থী শহরের নিয়ম-কানুন না মেনে যেখানে-সেখানে থুতু ফেলছেন, আবর্জনা ফেলছেন এবং বিশৃঙ্খলা তৈরি করছেন, যার ফলে ট্র্যাফিকের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।