গত ছ’ বছরে একবারও ভোটের ময়দানে না নামা ৮০৮টি রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি (RUPP)–কে একঝটকায় বাদ দেওয়া হয়েছে (Poll Panel On Cleanup Mode)।
.jpeg.webp)
নির্বাচন কমিশন
শেষ আপডেট: 19 September 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতের নির্বাচন কমিশন (ECI) রাজনৈতিক দলগুলির তালিকা থেকে অচল ও নিষ্ক্রিয় দলগুলিকে (Inactive Political Parties) সরাতে বড়সড় পদক্ষেপ নিল। গত ছ’ বছরে একবারও ভোটের ময়দানে না নামা ৮০৮টি রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি (RUPP)–কে একঝটকায় বাদ দেওয়া হয়েছে (Poll Panel On Cleanup Mode)।
আইন অনুযায়ী, ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট-এর ২৯ এ ধারায় রাজনৈতিক দলগুলি নিবন্ধিত হয়। নিবন্ধিত হলে তারা বিশেষ কিছু সুবিধা পায়, যেমন নির্বাচনী প্রতীক, কর ছাড় ইত্যাদি। তবে নির্দেশিকায় স্পষ্ট বলেছে, টানা ছ’ বছর কোনও ভোটে লড়াই না করলে দলটি বাদ যাবে তালিকা থেকে।
চলতি বছরের জুনে শুরু হয় এই বিশেষ অভিযান। প্রথম দফায়, ৯ অগস্ট কমিশন বাদ দিয়েছিল ৩৩৪টি অচল দল। দ্বিতীয় দফায়, ১৮ সেপ্টেম্বর বাদ দেওয়া হয় আরও ৪৭৪ দল। দু'দফা মিলিয়ে বাদ পড়ল মোট ৮০৮টি রাজনৈতিক দল।
দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে ১২১টি দল বাদ পড়েছে। এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৪৪), তামিলনাড়ু (৪২), দিল্লি (৪০), পাঞ্জাব (২১), মধ্যপ্রদেশ (২৩), বিহার (১৫), রাজস্থান (১৭) ও অন্ধ্রপ্রদেশে (১৭)।
কমিশন জানিয়েছে, পরবর্তী পর্যায়ে নজরে রয়েছে আরও ৩৫৯ দল। তারা ভোটে লড়লেও গত তিন অর্থবর্ষ (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) ধরে বার্ষিক নিরীক্ষিত হিসেব কিংবা নির্বাচনী খরচের রিপোর্ট জমা দেয়নি। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ ইলেকটোরাল অফিসাররা ইতিমধ্যেই শো-কজ নোটিস পাঠাচ্ছেন। শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
এই অভিযান শুরু হওয়ার আগে দেশে ছিল ৬টি জাতীয় দল, ৬৭টি রাজ্যস্তরের দল এবং ২,৮৫৪টি রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি (RUPP)। ৮০৮ দল বাদ যাওয়ায় সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। নির্বাচন কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা। যাতে সক্রিয় দলগুলিই কেবলমাত্র নিবন্ধনের সুবিধা ভোগ করতে পারে।