টিভিকে নেতা বিজয়
শেষ আপডেট: 30 December 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: আন্না বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগের ঘটনায় ডিএমকে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমন আবহে সোমবার ঘটনায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করবেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়।
জানা যাচ্ছে, দুপুর একটার মধ্যে রাজভবনে পৌঁছে যাওয়ার কথা টিভিকে প্রধানের। গত বুধবারই বিজয় এক্স হ্যান্ডেলে পোস্ট করে আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। বিষয়টিকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেন তিনি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন বিজয়।
শনিবারই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে নির্যাতিতা ছাত্রীকে অন্তর্বর্তীকালীন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্না বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে গত ২৩ ডিসেম্বর, সোমবার যৌন নিগ্রহ করা হয়। সেই ঘটনার তদন্তে মহিলা আইপিএস অফিসারদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
বিজয় এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, ‘আমি তামিলনাড়ু সরকারকে অভিযুক্তর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনায় আর কারা জড়িত আছে তা খুঁজে বের করতে হবে।’
টিভিকে প্রধান আরও লেখেন, নির্ভয়া তহবিলের টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ক্যামেরা, এমারজেন্সি বাটন ও টেলিফোন রাখার ব্যবস্থা করা হোক। এছাড়া রাজ্যের অনান্য মহিলাদের সুরক্ষার কথা ভেবে মোবাইল অ্যাপ ও জরুরি নম্বর চালু করার আবেদন জানান।
গত ২৩ ডিসেম্বর তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। চেন্নাই পুলিশকে ওই ১৯ বছর বয়সি তরুণী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হাইওয়ে ল্যাবরেটরির পিছন দিকে একটি জায়গায় তাঁর প্রেমিকের সঙ্গে গিয়েছিলে। আচমকাই দু'জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের উপর হামলা চালায়। শুধু যৌন নিগ্রহ বললে ভুল হবে। সে সময়ের আপত্তিকর ছবি নিজেদের মোবাইলে তুলে রাখে অভিযুক্তরা। বিষয়টির কথা জানাজানি হলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ।