
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 July 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: বিহারে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলল। কলকাতা ও বিহারের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে হানা দিয়েছিল কলকাতা পুলিশ, পাটনা, বিহারের এসটিএফ এবং মাধরওয়া পুলিশ। সেই দলই বিহারের মাধারওয়া থানার রূপহিমপুর গ্রামে একটি সক্রিয় বন্দুক তৈরির কারখানার সন্ধান পায়। বন্দুক তৈরিতে দক্ষ চার কারখানার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে কারখানার মালিক অখিলেশ কুমার কুশওয়াহাকে আটক করেছে পুলিশ। তার বাড়ি বিহারের সরন জেলার রূপ্রহিমপুর গ্রামের বাসিন্দা।
এছাড়াও ধৃতরা হলেন মহ. চাঁদ ওরফে দামু। ৩০ বছর বয়সী চাঁদ বিহারের মুঙ্গেরে হজরতগঞ্জের বাসিন্দা। একইসঙ্গে পুলিসের জালে ধরা পড়েছে মহম্মদ সাহিল আলম, মহ. ইরফান এবং মহম্মদ পারওয়াজ আলম। তিনজনের বাড়ি মুঙ্গের জেলায়।
পুলিশ আধিকারিকরা যেসব অস্ত্র উদ্ধার করেছেন সেগুলি হল ৭.৬৫ মিমি সেমিঅটোমেটিক ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র, ৭.৬৫ মিমি লাইভ কার্টিজ, বিপুল সংখ্যক সেমিফিনশেড ইম্প্রোভাইজড ৭.৬৫ মিমি পিস্তলের অংশ যেমন পিস্তল বডি, পিস্তল স্লাইডার, পিস্তল গ্রিপ এবং পিস্তল ব্যারেল, একটি লেদ মেশিন, দুই মিলিং মেশিন, একটি ড্রিলিং মেশিন সহ আরও অনেক অস্ত্রশস্ত্র। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল এবং সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে মাধারওয়া থানায় একটি বিশেষ মামলা নথিভুক্ত করা হয়েছে।