ওই ব্যক্তি মহিলাকে বোঝানোর চেষ্টা করেন, তাঁর স্বামীর বীর্যে বিষ আছে, তাই শারীরিক সম্পর্কের কারণে অসুস্থ হয়ে পড়ছেন তিনি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 July 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থতার সুযোগ নিয়ে এক বিবাহিতা মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক চার্চের ধর্মপ্রচারকের বিরুদ্ধে। তামিলনাড়ুর এক পেন্টেকোস্টাল চার্চের ওই ধর্মপ্রচারককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কন্যাকুমারী পুলিশ।
অভিযোগ ওঠে, ওই ব্যক্তি মহিলাকে বোঝানোর চেষ্টা করেন যে, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের কারণেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। তাঁর বীর্যে বিষ আছে, সেটাই তাঁর অসুস্থতাঁর কারণ। তাই মহিলা যদি অভিযুক্ত ওই খ্রিষ্টান ধর্মপ্রচারকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান, তাহলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।
কন্যাকুমারীর থাকালে অঞ্চলের এক মহিলা কিছুদিন ধরেই নানারকম অসুস্থতায় ভুগছিলেন। ঠিক হয়ে যাবেন এই আশায় তিনি মেক্কামন্ডাপম এলাকার এক পেন্টেকোস্টাল চার্চে যান। সেখানে পাদ্রী রেজিমন সুস্থ করে দেবেন এই ভরসা দিয়ে এক ব্যক্তিগত প্রার্থনাতে তাঁকে ডাকেন। তারপর ওই মহিলাকে অশালীনভাবে জড়িয়ে ধরে যৌন নির্যাতনের চেষ্টাও করেন।
কোনরকমে সেখান থেকে পালিয়ে এসে তিনি থাকালে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২৬ জুন পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জুডিশয়াল কাস্টডিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
নির্যাতিতার পরিবার জানিয়েছে, বিয়ের দু’বছর কেটে যাওয়ার পর কিছু শারীরিক অসুস্থতার কারণে তিনি তাঁর বাবা-মার সঙ্গেই থাকছিলেন। তাঁর কিছু ব্যক্তিগত কারণও ছিল। সেখানে গেলে আধ্যাত্মিক উন্নতি হবে, এই আশায় আত্মীয়রা তাঁকে স্থানীয় চার্চে নিয়ে যান। সেখানেই অভিযুক্ত ওই পাদ্রী রেজিমনের সঙ্গে তাঁর দেখা হয়। প্রথমে রেজিমন তাঁকে জানান, রোজগারের ১০% যদি তিনি চার্চকে অনুদান হিসেবে দেন, তাহলে তাঁর সব সমস্যা কেটে যাবে। তারপর এই নিগ্রহের ঘটনা ঘটায় পুলিশে অভিযোগ জানান ওই মহিলা।