শুক্রবার দুর্গাপুরে তিনি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ‘বাংলা’ ভাষা নিয়ে আন্দোলনের বিরুদ্ধে তীক্ষ্ণ তির বেঁধেন।

মোদী আরও বলেন, টিএমসি এবং বামেরা মিলে দিল্লিতে বহুদিন ধরে কংগ্রেসের সঙ্গে সরকার চালিয়েছে।
শেষ আপডেট: 18 July 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের জনসভায় এসে ২০২৬ সালের বিধানসভা ভোটে বিরোধী দল বিজেপির আক্রমণের সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi in Durgapur)। শুক্রবার দুর্গাপুরে তিনি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ‘বাংলা’ ভাষা নিয়ে আন্দোলনের বিরুদ্ধে তীক্ষ্ণ তির বেঁধেন। মোদীর কথায়, পশ্চিমবঙ্গ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য-পরম্পরার আত্মা। আজ প্রসিদ্ধ বাংলা কবি বিষ্ণু দে-র জন্মদিন। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার কাজে ওনার বিরাট বড় অবদান রয়েছে।
মোদী (Narendra Modi) আরও বলেন, টিএমসি এবং বামেরা মিলে দিল্লিতে বহুদিন ধরে কংগ্রেসের সঙ্গে সরকার চালিয়েছে। এর জন্য এদের বাংলা ভাষার কথা মনেই থাকে না। কিন্তু বিজেপি সরকার এসে বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। এটা করে আমরা বাংলা সাহিত্যের সেবা করা বিষ্ণু দে-র মতো অনেক সাহিত্যিককে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, বিজেপি এমন একটা পার্টি, যার বীজ বপন হয়েছিল এই বাংলায় (narendra modi in durgapur today)। বিজেপির পদ্ম বাংলা মহান নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছিলেন। তিনি এক দেশ, এক সংবিধানের যে স্বপ্ন দেখেছিলেন, সেটাই বিজেপির সংকল্প হয়ে গিয়েছিল। আমরা সেটা পূরণ করেও দেখিয়েছি। বিজেপি (BJP) বাংলা ভাষাকে প্রেরণা, পরম্পরা ও পরিচয়ের মাধ্যম বলে মনে করে। বিজেপির কাছে বাংলা ভাষার অহংকার সবার উপরে বলে দাবি করেন মোদী।
তিনি বাংলা ভাষার গর্বকে তুলে ধরে বলেন, দেশের যেখানেই বিজেপি আছে, সেখানেই বাংলার সম্মান রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান করা হয়। কিন্তু, পশ্চিমবঙ্গে কী হচ্ছে? এখানে টিএমসি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে পশ্চিমবঙ্গের পরিচয়কেও বাজি ধরতে কসুর করছে না, বলে অভিযোগ তোলেন মোদী।