
শেষ আপডেট: 25 November 2023 13:38
দ্য ওয়াল ব্যুরো: এবার বিমান চালকের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাও আবার যে সে বিমান নয়, ভারতীয় বায়ুসেনার অত্যন্ত দক্ষ যুদ্ধবিমান তেজসে চড়ে সর্টি নিলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই দুরন্ত অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেছেন তিনি।
শনিবার বেঙ্গালুর প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের কাজ কেমন চলছে এটা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই কমবেট ফাইটার জেট তেজাসে চড়ে বেশ কিছুক্ষণ শূন্যে ওড়াউড়ি করেন মোদী। এরপরেই সেই সংক্রান্ত অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান তিনি। প্রধানমন্ত্রী লেখেন, "তেজসে সাফল্যের সঙ্গে একটা সর্টি শেষ করেছি। এই অভিজ্ঞতা অনবদ্য এবং সমৃদ্ধকর। দেশি পদ্ধতির প্রতি আমার ভরসা এবং বিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই ঘটনা। আমাদের দেশ যে কত সম্ভাবনাময় সে কথা ভেবে আমার অত্যন্ত গর্ব হচ্ছে।"
এমনিতেই তেজস একটি এক আসন বিশিষ্ট যুদ্ধবিমান। তবে বায়ুসেনা কর্তৃপক্ষ সর্টি এবং প্রশিক্ষণের জন্য ২ আসন বিশিষ্ট যে বিমান ব্যবহার করে এদিন তাতে চড়েই সর্টি নেন মোদী।
লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস হল একটি ৪.৫ জেনারেশন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। আকাশ পথে যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশনেও সাহায্য করতে সক্ষম এই যুদ্ধবিমান।