
ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 7 November 2024 08:24
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ট্রাম্পকে ফোনও করেন তিনি। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। এই ফোনালাপের পর নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁর ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, 'মোদীকে গোটা বিশ্ব ভালবাসে।'
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে বার্তা দিয়ে মোদী লিখেছিলেন, তিনি তাঁর খুব ভাল বন্ধু। তিনি যে প্রেসিডেন্ট হিসেবে সফল হবেন সেই প্রার্থনা তিনি করেন। বুধবার এই বার্তার বেশ কয়েক ঘণ্টা পরই ট্রাম্পকে সরাসরি ফোন করেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তাঁর ফোন পেয়ে দারুণ খুশি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিশ্বের নেতাদের মধ্যে মোদীই প্রথম যার সঙ্গে তাঁর নির্বাচনে জয়ের পর কথা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছেন, ''তিনি একজন দারুণ মানুষ। গোটা বিশ্ব তাঁকে ভালবাসে। ভারতও একটি অসাধারণ দেশ এবং মোদীকে আমি পরম বন্ধু বলেই মনে করি।'' একই সঙ্গে, আগামী দিনে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন ট্রাম্প। তাঁদের ফোনালাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্য একটি বার্তাও দেন মোদী। সেখানে লেখেন, ''আমার বন্ধু ট্রাম্পের সঙ্গে দারুণ কথা হল। আবারও একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আশা করি ভারত-আমেরিকার সম্পর্কে আরও মজবুত হবে।''
এক্সবার্তায় ট্রাম্পের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও লেখেন, ''আপনি যেভাবে আপনার পূর্ববর্তী জমানায় সাফল্য গড়ে তুলেছেন, সেভাবেই আমি আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ভারত-মার্কিন সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক যেন পুনর্গঠিত হয়। আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বে আমাদের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করি আমি।'' শেষ পর্যন্ত যা আপডেট তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৯৫টি আসনে এগিয়ে রয়েছে। কমলা হ্যারিস ২২৬টি আসনে। ম্যাজিক ফিগার ২৭০। এতএব বলাই যায়, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই নেই।
ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে ডেকে নিয়েছেন বর্তমান ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ''এক সুস্থ-স্বাভাবিক বদল আনতে এবং দেশের উন্নতিসাধনে একসঙ্গে কাজ করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই জো বাইডেন হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।''