তবে যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় তাদের এই বৈঠক থেকে বাইরে রাখা হয়েছে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 26 March 2026 16:48
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান (West Asia Crisis) অস্থিরতার আবহে রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ২৭ মার্চ ভার্চুয়াল বৈঠকে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। মূলত জ্বালানি সরবরাহ, সরবরাহ শৃঙ্খলের সম্ভাব্য বিঘ্ন এবং বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা - এই তিনটি বিষয়েই জোর দেওয়া হবে বৈঠকে।
তবে যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় তাদের এই বৈঠক থেকে বাইরে রাখা হয়েছে।
‘জ্বালানি লকডাউন’
এই খবরের পরই দেশে ‘জ্বালানি লকডাউন’ নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে ভারতে ফের বিধিনিষেধ জারি হতে পারে। যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কোনও সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না।
সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত জ্বালানির ব্যবহার বা সরবরাহে কোনও ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি। এমনকী রান্নার গ্যাসের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কেন এই জল্পনা?
জানা যাচ্ছে, সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ঘিরেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সেখানে তিনি বলেছিলেন, অতিমারির সময় যেমন সম্মিলিতভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল, তেমনই সম্ভাব্য জ্বালানি সঙ্কটও সবাইকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করেছিলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক নাও হতে পারে।
এই মন্তব্যকেই বিকৃত করে একটি অংশ থেকে ‘লকডাউন’ জারির আশঙ্কা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সূত্রের দাবি, দেশে এই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হয়নি এবং সরকারও এমন কোনও পদক্ষেপের কথা ভাবছে না।
প্রসঙ্গত, প্রতিবেশী একাধিক দেশে ইতিমধ্যেই জ্বালানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোথাও রেশনিং চালু হয়েছে, কোথাও বা গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ইউরোপের কিছু দেশেও একই ধরনের পদক্ষেপ দেখা গিয়েছে।
তবে ভারতের ক্ষেত্রে আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই জানাচ্ছে কেন্দ্র। সব মিলিয়ে জ্বালানি সঙ্কট নিয়ে সতর্কতা থাকলেও, লকডাউন জল্পনাকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিল সরকার।