এই উপলক্ষে সোমবার থেকেই দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত অযোধ্যায় ভিড় জমিয়েছেন। মন্দির ও আশপাশের এলাকায় প্রায় ১০০ টন ফুল দিয়ে সজ্জা করা হয়েছে। শহরজুড়ে উৎসবের আবহ।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 25 November 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Temple) নির্মাণ কার্যত শেষ হওয়ার মুখে। আর মঙ্গলবার এই উপলক্ষেই মন্দিরের প্রধান শিখরে গেরুয়া রঙের একটি বিশেষ পতাকা (Saffron Flag) তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই মুহূর্তকে অনেকেই ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। পতাকা উত্তোলনের পর উপস্থিত সাধু-সন্ত, অতিথি ও ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পতাকাটি ত্রিভুজাকার (Triangle Flag) - উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট। তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার বৃক্ষের ছবি আঁকা রয়েছে। সম্মান, সাহস, ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করাই এর উদ্দেশ্য।
এই উপলক্ষে সোমবার থেকেই দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত অযোধ্যায় (Ayodhya) ভিড় জমিয়েছেন। মন্দির ও আশপাশের এলাকায় প্রায় ১০০ টন ফুল দিয়ে সজ্জা করা হয়েছে। শহরজুড়ে উৎসবের আবহ।
নিরাপত্তাও সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মোট ৬,৯৭০ জন নিরাপত্তাকর্মী (Security Force) মোতায়েন রয়েছেন। এর মধ্যে এটিএস কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার ইউনিট ও প্রযুক্তিগত দলও আছে। প্রতিটি রাস্তা, মন্দির কমপ্লেক্স ও আশপাশের অঞ্চল নজরদারিতে রাখা হয়েছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সপ্তমন্দির, শেশাবতার মন্দির এবং মাতা অন্নপূর্ণা মন্দিরেও ‘দর্শন’ ও পূজা করবেন।
শুভ মার্গশীর্ষ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে, যা শ্রীরাম ও মা সীতার বিবাহ পঞ্চমী এবং গুরু তেগ বাহাদুরের শহিদ দিবসের সঙ্গেও যুক্ত।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Ram Janmabhoomi Trust) জানিয়েছে, বিশাল শ্রীরাম মন্দিরের নির্মাণকাজ শেষ। মূল মন্দির ছাড়াও গোটা চত্বরে একই পাঁচিলের ভিতরে রয়েছে শিব, গণেশ, হনুমান, সূর্য, ভগবতী ও অন্নপূর্ণা মন্দির। সব মন্দিরের শীর্ষেই কলস ও ধ্বজাদণ্ড স্থাপন করা হয়ে গিয়েছে। এখন জোর কদমে রামলালার ভক্তিতে বুঁদ করে দিতে আয়োজন চলছে ধ্বজা উত্তোলন কর্মযজ্ঞের। এই অনুষ্ঠানেরই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামমন্দির নির্মাণ প্রসঙ্গে ট্রাস্ট জানিয়েছে, দেশ ও বিদেশ থেকে রাললালার অর্ঘ্য হিসেবে ৩,০০০ কোটি টাকা আয় হয়েছে। মন্দির নির্মাণ কমিটির সভাপতি জানান, এখনও পর্যন্ত তার মধ্যে খরচ হয়েছে আনুমানিক ১,৫০০ কোটি টাকা এবং বাকি যা কাজ আছে তা শেষ করতে সর্বমোট খরচ হতে পারে ১,৮০০ কোটি টাকা।
২০২০ সালের ৫ অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই রামমন্দিরের ভূমি পুজো করেছিলেন। পরে ২০২৪ সালের ২২ জানুয়ারি গর্ভগৃহে রামলল্লার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। মঙ্গলবারের পতাকা উত্তোলন সেই অধ্যায়ের চূড়ান্ত পর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।