মঙ্গলবারের অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অযোধ্যার নাগরিক ইকবাল আনসারি (Ikbal Ansari)। সেখানকার মন্দির-মসজিদ আইনি বিবাদের সঙ্গে জুড়ে আছে এই প্রবীণ নাগরিকের নাম। বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে আদালতে মামলা করেছিলেন তাঁর বাবা হাসিম আনসারী।

শেষ আপডেট: 24 November 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) নির্মাণ পুরোপুরি শেষ হয়েছে। নির্মাণের মাঝপথে গত বছর ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নির্মাণ পুরোপুরি শেষ হওয়ায় আগামীকাল মঙ্গলবার মন্দিরের চূড়ায় ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতও উপস্থিত থাকবেন। এর আগে মন্দিরের শিলান্যাস এবং উদ্বোধন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সঙ্ঘ প্রধান।
মঙ্গলবারের অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অযোধ্যার নাগরিক ইকবাল আনসারি (Ikbal Ansari)। সেখানকার মন্দির-মসজিদ আইনি বিবাদের সঙ্গে জুড়ে আছে এই প্রবীণ নাগরিকের নাম। বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে আদালতে মামলা করেছিলেন তাঁর বাবা হাসিম আনসারী। বাবা মারা যাওয়ার পর সেই মামলায় শরিক হন ইকবাল। সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত দীর্ঘ তিন দশক তিনি অধিকার আদায়ে লড়াই চালিয়েছেন। ২০১৯ এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি শ্রীরামচন্দ্রের জন্মস্থান হিসাবে মেনে নিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের রায় দিলে ইকবাল আনসারী তা মেনে নেন। মঙ্গলবারের অনুষ্ঠান নিয়ে এলাকাবাসীর উদ্দেশে এই প্রবীন বলেছেন, অযোধ্যা সম্প্রীতির নগরী। সকলে মিলে উৎসব পালন করা এই শহরের ঐতিহ্য। মঙ্গলবারের অনুষ্ঠানেও সকলকে সৌভ্রাতৃত্ব রক্ষা করতে হবে।
মঙ্গলবারের অনুষ্ঠান উপলক্ষে রবিবার থেকেই অযোধ্যায় বিপুল ভক্ত সমাগম হতে শুরু করেছে। অনুষ্ঠানে হাজির থাকবেন উত্তর প্রদেশ ও ভারত সরকারের একাধিক মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐতিহাসিক এবং আধ্যাত্মিকতার দৃষ্টিতে এই ধ্বজারোহন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্দির কমিটির বক্তব্য। গোটা কার্যক্রম সম্পন্ন হবে চার মিনিটে। তবে এজন্য শুভ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে মঙ্গলবার বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১২টা ৩৫ পর্যন্ত। ১২ জন বৈদিক আচার্য ও তাঁদের সহযোগীদের শঙ্খধ্বনীর মধ্যে নিশানা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রায় সাত হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। সোমবার থেকেই এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করার জন্য ভক্তরা জড়ো হতে শুরু করেছেন মন্দিরে এলাকায়। ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবারের অনুষ্ঠানে কোনও ভিভিআইপি পাশ ইস্যু করা হবে না। ট্রাস্ট আরও জানিয়েছে, আমন্ত্রিতদের মধ্যে সমাজের সব অংশের মানুষ আছেন। মন্দিরে সকলে সুযোগ সমান। অনুষ্ঠান উপলক্ষে অযোধ্যার নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। সাধারণ ভক্তরা যাতে ধ্বজা উত্তোলন অনুষ্ঠান পর্যবেক্ষণ করতে পারেন সেজন্য অদূরে ২০০ ফুট চওড়া এলইডি স্ক্রিন লাগানো হয়েছে।