
শেষ আপডেট: 25 February 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন, এ কথা বলা মিথ্যে হবে না। জনপ্রিয় শো 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এ অংশ নিয়েছিলেন তিনি। এবার আরও এক অ্যাডভেঞ্চার। দ্বারকায় গিয়ে সি-ওয়াকিং করলেন তিনি। শুধু সমুদ্রের নীচে যাওয়াই নয়, জলের তলায় কিছুক্ষণ ধ্যান করতেও দেখা যায় তাঁকে।
রবিবার সকালেই গুজরাতে 'সুদর্শন সেতু'-এর উদ্বোধন করেছেন তিনি। ওখা এবং ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে এই সেতু। আর সেতু উদ্বোধনের পরই মোদী চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে। সি-ওয়াকিং করে পাঞ্চকুনি সমুদ্র সৈকতে ডুবন্ত দ্বারকা নগরীর দর্শন করেন প্রধানমন্ত্রী। জলের নীচে কিছুক্ষণ ধরে তাঁকে প্রার্থনা করতে দেখা যায়। জলে নামার আগে নরেন্দ্র মোদীকে একটি ময়ূরের পালক হাতে নিয়ে থাকতে দেখা গেছিল। সেই পালক তিনি দ্বারকা নগরী দর্শনের সময়ে সমুদ্রের তলায় রেখে আসেন।
প্রধানমন্ত্রী তাঁর সম্পূর্ণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মোদী লিখেছেন, ''জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরী দর্শন এবং সেখানে প্রার্থনা করা এক ঐশ্বরিক অভিজ্ঞতা। প্রাচীন যুগের সময়ের সরাসরি এক অনুভূতি পেলাম। সেখানে শ্রী কৃষ্ণের অনুভবও পেয়েছি। তিনি সকলকে আশীর্বাদ করুন।'' তিনি এও জানিয়েছেন, জলের তলায় চলে যাওয়া ধ্বংসপ্রাপ্ত দ্বারকা শহরে গিয়ে প্রার্থনা করার ইচ্ছে ছিল বহুদিনের। সেটা সার্থক হয়েছে।
To pray in the city of Dwarka, which is immersed in the waters, was a very divine experience. I felt connected to an ancient era of spiritual grandeur and timeless devotion. May Bhagwan Shri Krishna bless us all. pic.twitter.com/yUO9DJnYWo
— Narendra Modi (@narendramodi) February 25, 2024
'সুদর্শন সেতু' উদ্বোধন করার পরই মোদী পুজো দেন দ্বারকাধীশ মন্দির ও ভেট দ্বারকা মন্দিরে। বলে রাখা ভাল, এই সেতু কেবলের মাধ্যমে ঝুলছে এই সেতু। আর ব্রিজের উপর বসানো রয়েছে সোলার প্যানেল। যা থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে বলে জানান হয়েছে। ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে জানা গেছিল, এর নাম 'সিগনেচার ব্রিজ' দেওয়া হবে। পরে তা বদলে 'সুদর্শন ব্রিজ' করা হয়।