প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, ভারতের মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও ‘বসুধৈব কুটুম্বকম্’ — এই প্রাচীন দর্শনের আন্তর্জাতিক স্বীকৃতি এই সম্মান।

ফাইল ছবি
শেষ আপডেট: 16 June 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পরিসরে আরও এক গর্বের মুহূর্ত ভারতের জন্য। সাইপ্রাস সফরে গিয়ে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান (Highest Honour of Cyprus) পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সাইপ্রাসের তরফে তাঁকে 'Grand Cross of the Order of Makarios III' সম্মান প্রদান করা হয়েছে। এই পুরস্কার গ্রহণ করে মোদী বলেন, “এ সম্মান শুধুই আমার নয়, এ সম্মান ১৪০ কোটি ভারতবাসীর। এ তাঁদের শক্তি, স্বপ্ন আর সংস্কৃতির স্বীকৃতি।”
Humbled to receive the 'Grand Cross of the Order of Makarios III' of Cyprus. I dedicate it to the friendship between our nations. https://t.co/x4MX3UZbtW
— Narendra Modi (@narendramodi) June 16, 2025
প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, ভারতের মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও ‘বসুধৈব কুটুম্বকম্’ — এই প্রাচীন দর্শনের আন্তর্জাতিক স্বীকৃতি এই সম্মান। একই সঙ্গে সাইপ্রাস এবং ভারতের বন্ধুত্ব আরও গভীর হল। সেই প্রেক্ষিতেই মোদীর সংযোজন, “আমি এই সম্মান উৎসর্গ করছি ভারত ও সাইপ্রাসের মজবুত বন্ধুত্বের প্রতি, আমাদের অভিন্ন মূল্যবোধের প্রতি। সাইপ্রাস যে ভারতকে এত গভীরভাবে বোঝে, তার প্রতিফলন এই সম্মান।”
পাকিস্তানের সঙ্গে সংঘাত (India Pakistan Conflict) এবং 'অপারেশন সিঁদুর' অভিযানের (Operation Sindoor) পর এই প্রথম বিদেশ সফরে (International Tour) রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ও ১৭ জুন কানাডার কানানাস্কিস শহরে আয়োজিত জি৭ সম্মেলনে অংশ নেবেন তিনি। তার আগে আপাতত সাইপ্রাসে রয়েছেন মোদী। পাশাপাশি ক্রোয়েশিয়াতেও যাবেন।
এর আগে কিছু সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়েছিল, মোদী এবারের জি৭ সম্মেলনে যাবেন না। সেটা হলে ছয় বছরের মধ্যে এই প্রথমবার জি৭ মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী থাকতেন না। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে নরেন্দ্র মোদীকে ফোন করে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।