২০২৩ সালের ভয়াবহ দাঙ্গার পর দুই বছর কেটে গেলেও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, এবার হয়তো রাজ্যে পা রাখতে চলেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 31 August 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা পড়েছিল ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি। তারপর ২০২৩ সালের মে মাসে রাজ্যজুড়ে দাউদাউ করে জ্বলে ওঠে জাতিগত দাঙ্গার আগুন। প্রাণ যায় শতাধিক মানুষের, হাজার হাজার পরিবার হারায় ঘরবাড়ি। দুই বছর পেরিয়েও অশান্তির ছায়া কাটেনি উত্তর-পূর্বের এই রাজ্য থেকে।
এই সময়ে বিদেশ সফর কিংবা ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টা সবেতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। কিন্তু মণিপুরে যাওয়ার সময় বের করতে পারেননি তিনি। এই অভিযোগ তুলেছে বিরোধীরা বারবার। লোকসভা অধিবেশন থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন, প্রতিবারই এই প্রশ্নে বিঁধতে হয়েছে মোদীকে।
অবশেষে সূত্রের দাবি, আগামী মাসে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের ধারণা, বিরোধীদের ক্রমবর্ধমান চাপই হয়তো তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
উল্লেখযোগ্য, ২০২৩ সালের ৩ মে কুকি এবং মেইতেই, এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর। প্রাণ হারান প্রায় ২৫০ জন মানুষ, ঘরছাড়া হয়ে ৬০,০০০ এরও বেশি মানুষ আজও শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন।