
শেষ আপডেট: 12 March 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: নতুন ১০টি বন্দে ভারত ট্রেন পেল দেশ। মঙ্গলবার আহমেদাবাদ থেকে এই ট্রেনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে তিনি বলেন, গত ১০ বছরে দেশের উন্নতির স্বার্থে যে কাজ হয়েছে এটা তার ট্রেলার মাত্র! নতুন বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলাও।
মঙ্গলবার যে নতুন ট্রেনগুলি উদ্বোধন হয়েছে তার মধ্যে আছে আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, পাটনা-লখনউ, লখনউ-দেরাদুন। এছাড়া রয়েছে রাঁচি-বারাণসী, খাজুরাহো-নিজামুদ্দিন (দিল্লি), পুরী-বিশাখাপত্তনম। বাংলা পেয়েছে নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত। ট্রেনগুলি উদ্বোধন করার পর পরোক্ষভাবে অতীতের কংগ্রেস সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ''স্বাধীনতার পর যে সরকার এসেছে তাঁরা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা দেখেছে। স্বার্থপর সরকার ছিল। আর ভারতীয় রেল তাঁদের জন্যই অনেক বেশি ভুক্তভোগী। আমি ক্ষমতায় এসে সরকারের বাজেটে রেলকে অন্তর্ভুক্ত করেছি। যাতে সরকারের টাকা রেলের উন্নয়নের কাজে লাগে।''
রেলের উন্নয়নের জোয়ারের প্রসঙ্গ তুলে দেশের যুবসমাজকেও বার্তা দেন প্রধানমন্ত্রী। বলেন, ''দেশের যুবসমাজ সিদ্ধান্ত নেবে তারা কেমন দেশে বাস করতে চান, কোন ধরনের ট্রেনে তাঁরা চড়তে চান।'' তাঁর বক্তব্য, ''এই ১০ বছরের কাজ শুধু ট্রেলার, আমি আরও আগে যেতে চাই।''
বন্দে ভারত ট্রেনের উদ্বোধন ছাড়াও মঙ্গলবার আরও কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোক্যামিকেল প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী। সব মিলিয়ে মোট ৮৫ হাজার কোটি টাকার ৬,০০০ রেল প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তবে বিশেষজ্ঞদের অনুমান, সাধারণের উৎসাহ সবথেকে বেশি ছিল এই বন্দে ভারত ট্রেন নিয়েই। এই মুহূর্তে দেশজুড়ে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে।