
ফাইল চিত্র
শেষ আপডেট: 6 May 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলার তথ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে! সেকারণেই শেষ মুহূর্তে শ্রীনগর সফর বাতিল করেছিলেন তিনি! মঙ্গলবার ঠিক এই ভাষাতেই মোদীর সমালোচনায় মুখ খোলেন কংগ্রেস সভাপতি। পহলগাম হত্যাকাণ্ড নিয়ে ঘরোয়া রাজনীতিতে বিতর্ক উস্কে রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন। তাঁর প্রশ্ন, গোয়েন্দাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও কেন সেই অনুযায়ী পদক্ষেপ করল না প্রশাসন?
খাড়্গে বলেন, আমি জানতে পেরেছি ২২ এপ্রিল পহলগামে হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। সংবাদপত্রেও এ বিষয়ে পড়েছি। খাড়্গের কথায়, কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে ২৬ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেনি। প্রকাশিত কয়েকটি খবরে আগেই দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের উপর সম্ভাব্য হামলার খবর এসেছিল। এপ্রিল মাসেই সেই হামলা হতে পারে বলে জেনেছিলেন গোয়েন্দারা। মোদীর জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ছিল ১৯ এপ্রিল। কিন্তু তা বাতিল করা হয়েছিল।
মঙ্গলবার খাড়্গে বলেন, গোয়েন্দা ব্যর্থতা ছিল সেটা সরকার মেনে নিয়েছে। তা শুধরে নেওয়ার চেষ্টাও করছে কেন্দ্র। কিন্তু আগে থেকেই যদি হামলার খবর ছিল তাহলে কেন ব্যবস্থা নেওয়া হল না?
উল্লেখ্য, পহলগাম হামলার কয়েকদিন পরে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়েছে, পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিলেন। যদিও গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে হোটেলে আশ্রয় নেওয়া পর্যটকদের উপর এই হামলা হতে পারে। আরেকটি রিপোর্ট ছিল শ্রীনগরে পর্যটকদের উপর হামলার সম্ভাবনা রয়েছে। জঙ্গিরা বেশ কয়েকটি জায়গায় রেইকি করে বলে পরে গোয়েন্দারা জানতে পারেন। সেইমতো ওই অঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনওরকম সাফল্য না মেলায় ২২ এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান। তাৎপর্যপূর্ণভাবে ওই একইদিনে পহলগামে পর্যটকদের নিশানা করে জঙ্গিরা।