
অমিত শাহ রাজধানী দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন।
শেষ আপডেট: 22 April 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে জঙ্গি হামলার খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী সৌদি আরবের জেড্ডা থেকে ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। সূত্রে জানা গিয়েছে, মোদী সব ঘটনা জানার পর শাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জঙ্গি হামলার জায়গায় গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
জম্মু-কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজধানী দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাব্যক্তিরা যেমন স্বরাষ্ট্র সচিব সহ শীর্ষ গোয়েন্দা কর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জম্মু-কাশ্মীরের ডিজিপি এবং অন্যান্য অফিসাররা ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে পরিস্থিতি নিয়ে অবগত করেন মন্ত্রীকে। সূত্রে জানা গিয়েছে, সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ফোনে কথা হয়েছে শাহের।
পহলগাঁও হামলার পরপরই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে। ঘটনার পরেই নিরাপত্তা রক্ষীরা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেন। ওমর বলেন, জঙ্গিরা পশুর মতো আচরণ করেছে। হামলার নিন্দায় মুখ্যমন্ত্রী বলেন, তিনি এই ঘটনায় স্তম্ভিত। এটা একটা জঘন্য কাজ। হামলাকারী জঙ্গিদের পশু, অমানবিক বলে ব্যাখ্যা করেন আবদুল্লা। তিনি আরও বলেন, এই ঘটনার নিন্দা করার আমার ভাষা নেই। মৃত ও আহতদের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি।