
ভিনেশ ফোগত।
শেষ আপডেট: 10 September 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: কুস্তির চৌহদ্দি ছেড়ে এবার বিজেপি বিরোধী রাজনৈতিক পাঙ্গায় নেমে হরিয়ানা বিধানসভা ভোটের প্রচারের প্রথম দিনেই জয়ের পদক জেতার আশাপ্রকাশ করলেন অলিম্পিয়ান ভিনেশ ফোগত। জিন্দের জুলানার 'বহুরানি' তথা কংগ্রেস প্রার্থী ভিনেশ মঙ্গলবার বলেন, এখানকার ভোটাররা তাঁকেই সমর্থন করবেন। তাঁদের আশীর্বাদেই তিনি জিত হাসিল করবেন।
ফোগত এদিন বলেন, কুস্তিতে এই মানুষই আমাদের জয় এনে দিয়েছে। এবার তাঁরাই আমাদের জয়ের মুকুট পরাবেন। ভগবান এবং বয়স্কদের আশীর্বাদ ছাড়া আমরা কোনও কাজই করতে পারি না। তেমনই আজকের দিনেও তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদ ছাড়া আমি কিছুই নই।
যদিও ভিনেশের রাজনীতিতে যোগদানে এতটুকুও খুশি নন তাঁর প্রশিক্ষক দ্রোণাচার্য সম্মানে ভূষিত মহাবীর প্রসাদ। তিনি খুবই আশাহত ও কষ্ট পেয়েছেন ছাত্রীর ভোটের দাঁড়ানোর সিদ্ধান্তে। তাঁর মতে, ২০২৮ সালের অলিম্পিকটা কেটে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিলে ভালো হতো। তিনি আরও বলেন, ভিনেশ কিংবা ওর স্বামী কুস্তিগির বজরং পুনিয়ার কারওরই রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল না। ওদের কোনও ধারণাই ছিল না। কিন্তু, আমি জানি না, কী করে কংগ্রেস এটা করে ফেলল! এদিনই ভিনেশ জুলানায় দলের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে সেখানে যজ্ঞানুষ্ঠানে যোগ দেন।
যদিও হাইকমান্ডের নির্দেশে ভিনেশকে প্রার্থী করা নিয়ে হরিয়ানা কংগ্রেস এবং দিল্লি নেতৃত্বের মধ্যে মতবিরোধ আছে। তবে একান্ত সূত্রে জানা গিয়েছে, ভিনেশকে প্রার্থী করার বিষয়ে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী খোদ উৎসাহী ছিলেন। কারণ, দিল্লির যন্তরমন্তরে কুস্তিগিরদের লাগাতার আন্দোলনের সময় কংগ্রেসের এই নেতা প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েছিলেন।
জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি বিজেপির বাহুবলি প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন লাঞ্ছনা করার প্রতিবাদীদের সামনের সারিতে ছিলেন ভিনেশ ফোগত ও তাঁর স্বামী বজরং পুনিয়া। সেই হিসেবে কংগ্রেস ভিনেশের বিজেপি বিরোধী মুখকে হরিয়ানা বিধানসভা ভোটে হাতিয়ার করতে চাইছে। দ্বিতীয়ত, ভিনেশ সেখানকার ভূমিপুত্রী ও কৃষকঘরের মেয়ে।
সকলেই জানেন যে, কেন্দ্রের কৃষক বিরোধী নীতি ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছেন হরিয়ানার কৃষকরা। কিছুদিন আগে তাঁদের ডাকা মহাপঞ্চায়েতে সহমর্মিতা দেখিয়ে হাজির হয়েছিলেন ভিনেশ। সে কারণে কৃষিপ্রধান এই রাজ্যের মানুষের কাছে ফোগত অত্যন্ত বিশ্বস্ত, ঘরের মেয়ে এবং কেন্দ্রের শাসকদল বিজেপি বিরোধী এক মুখ।
প্রসঙ্গত, ৯০ সদস্যবিশিষ্ট হরিয়ানা বিধানসভায় আগামী ৫ অক্টোবর ভোট হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। ফলপ্রকাশ হবে ৮ অক্টোবর। ভিনেশ ফোগতকে প্রার্থী করা নিয়ে হরিয়ানা কংগ্রেসের ভিতরেও বিদ্রোহের আঁচ দেখা দিয়েছে। টিকিটের দাবিদার অনেক নেতাই ভিনেশ ফোগতের অনুষ্ঠান বয়কট করছেন এবং প্রকাশ্যেই বিরোধিতা শুরু করেছেন।
কিন্তু, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবার হরিয়ানায় পালাবদলের স্বপ্নে বিভোর। এই রাজ্যে প্রধানত ত্রিমুখী লড়াই হতে পারে। কারণ ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা হয়নি। বিশেষত কংগ্রেস ফোগতকে সামনে রেখে মহিলা, যুব এবং জাঠ ভোটকে হাতের তালুবন্দি করতে চাইছে। তাই স্থানীয় স্তরের বিদ্রোহকে তেমন পাত্তা দিচ্ছে না। তবে তলায় তলায় সাবোতাজ হলে ফোগতের এই পাঙ্গায় শেষপর্যন্ত কী হবে তা বলবে ভোটের ফলাফলই।